পটুয়াখালীতে হয়ে গেল সাত দিনব্যাপী সময়ের প্রয়োজনে সাহসিকের আয়োজনে ‘দানবের বিরুদ্ধে মানবের জন্য বিজয়ের নাট্য উত্সব’। এ উত্সবের আয়োজন করেছিল সাহসিক নাট্যদল, পটুয়াখালী। গত ১৩ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৩ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত এ নাট্য উত্সবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার দাশ গুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহসিকের সভাপতি অ্যাডভোকেট সৌমেন্দ্র লাল চন্দ্র শৈলেন। উদ্বোধনী পর্বে পরিবেশিত হয় সমবেত সংগীত ও খেলাঘরের পরিবেশনায় শিশুদের নৃত্যানুষ্ঠান এবং উদ্বোধনী সন্ধ্যায় বরগুনা থিয়েটার, বরগুনা পরিবেশন করে সেলিম আল দীনের রচনা ও মনিরুজ্জামানের নির্দেশনায় নাটক ‘বাসন’। ১৪ ডিসেম্বর মহাকাল নাট্য সম্প্রদায়, ঢাকা পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ আশ্রয়ে আনন জামানের নবনাট্যায়নে ও আশিক রহমান লিয়নের নির্দেশনায় ‘নিশিমন-বিসর্জন’। ১৫ ডিসেম্বর থিয়েটার আর্ট ইউনিট, ঢাকা পরিবেশন করে এসএম সোলায়মানের রচনা ও নির্দেশনায় ‘কোর্ট মার্শাল’, ১৬ ডিসেম্বর নাট্যকেন্দ্র, ঢাকা মঞ্চায়ন করে মাসুম রেজার রচনায় ও তারিক আনাম খানের নির্দেশনায় ‘আরজচরিতামৃত’, ১৭ ডিসেম্বর প্রাঙ্গণেমোর, ঢাকা মঞ্চায়ন করে অনন্ত হীরা’র রচনা ও নির্দেশনায় ‘লোকনায়ক’, ১৮ ডিসেম্বর প্রাঙ্গণেমোর, ঢাকা মঞ্চায়ন করে মোহিত চট্টোপাধ্যায় রচিত ও অনন্ত হীরার নির্দেশিত ‘আাাওরঙ্গজেব’ এবং শেষ দিন ১৯ ডিসেম্বর সুন্দরম, পটুয়াখালী মঞ্চায়ন করে সৈয়দ সামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।
