মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ১২ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। গত ১৬ ডিসেম্বর থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। টাঙ্গাইলে মির্জাপুর উপজেলা পরিষদ এবং স্থানীয় সংসদ সদস্যের যৌথ উদ্যোগে মির্জাপুর স্টেডিয়াম মাঠে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে বলে আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু জানিয়েছেন। রবিবার মির্জাপুর উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের উদ্বোধনী সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। ‘জয় বাংলা বাংলার জয়’, ‘সালাম সালাম হাজার সালাম’সহ আরও অনেক গান ও নৃত্যানুষ্ঠান দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায়। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে মেলা ও সার্কাস।
