গতবারের আসর মাতানো ক্রিস গেইল বা মারলন স্যামুয়েলসকে পাচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। তারপরও আজ নিলামে উত্তেজনা কম থাকবে না। বিপিএলের সাত দলের মালিকদের মধ্যে নিলামের প্রতিযোগিতা তৈরি করতে আজ তাদের সামনে হাজির হবে শহীদ আফ্রিদি, ইমরান নাজির, সুনীল নারিন, কাইরন পোলার্ড, শন টেইট, ব্র্যাড হজ, চন্দরপল থেকে শুরু করে বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবালদের নাম। শুধু এই ক’জন নয়; চার ক্যাটাগরি মিলিয়ে কয়েকশ’ খেলোয়াড়কে কেনার জন্য আজকের নিলামে চলবে প্রতিযোগিতা।
আজ সকাল ১১টায় স্থানীয় এক হোটেলে শুরু হবে দেশি ১১৩ ও বিদেশি ১৩৪ জন খেলোয়াড় বিক্রির নিলাম। নিলামে এখন পর্যন্ত প্রধান আকর্ষণ মূলত পাকিস্তানী খেলোয়াড়রা। তবে বিপিএল আয়োজকরা আশা করছেন, আজ সকালের মধ্যে নিলামের তালিকায় শ্রীলঙ্কান তারকাদের অন্তর্ভুক্ত করে ফেলা যাবে। শ্রীলংকার তিলকরাত্নে দিলশা, মাহেলা জয়বর্ধনে, এঞ্জেলা ম্যাথুয়েস, কুমারা সাঙ্গাকারাও বিপিএল খেলবেন বলে আশা করছেন বিপিএলের ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস। গেম অনের পরিচালক অঞ্জন গাঙ্গুলী বলেন, ‘আমরা আরো কিছু খেলোয়াড় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। জয়বর্ধনে, সাঙ্গাকারা, দিলশান, ম্যাথুয়েসও এবারের বিপিএলে খেলতে পারেন। তারা কাল (আজ) নিলামের আগে এদের নাম যোগ করা যাবে কিনা এখনও নিশ্চিত নই। তবে আমরা আশা করছি নিলামে তাদের নাম ঢুকিয়ে দিতে পারবো’। শ্রীলংকান এসব খেলোয়াড়ের ব্যাপারে চূড়ান্ত না হলেও নেদারল্যান্ডের টি-টোয়েন্টির মারকুটে ব্যাটসম্যান রায়ান ডোসেটকে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন গেম অন স্পোর্টসের এই পরিচালক। বিপিএল গভর্নিং কাউন্সিলরের সাবেক সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ভারতীয় খেলোয়াড়দের অন্তর্ভুক্তের ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কার্যত সে আশ্বাস আলোর মুখ দেখেনি। তবে সাবেক এই সদস্য সচিবের আশ্বাসটি ছিল ভুল—বললেন বর্তমান গভর্নিং কাউন্সিলরের সদস্য সচিব ডা: এ আই এইচ মল্লিক। তিনি বলেন, ‘আগের কমিটি যদি ভারতীয় খেলোয়াড়দের ব্যাপারে যদি কোন আশ্বাস দিয়ে থাকে তবে সেটি ভুল হবে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়া অন্য কোন টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দেয় না। তাই ভারতীয়দের বিপিএলে পাওয়া সম্ভব নয়’।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ভারতীয় সাইরাস মাদানের উপস্থাপনায় এবারের নিলামটি গতবারের মত অনুষ্ঠিত হবে। প্রথমে বিদেশি খেলোয়াড়ের পরে দেশি খেলোয়াড়ের নিলাম অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের পারিশ্রামিকও এবার কমে গেছে। বিদেশি গোল্ডেন ক্যাটাগারির জন্য দর হাকা যাবে ৭৫ হাজার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত। আর দেশি গোল্ডেন বয়দের জন্য দর হাকা যাবে ৪০ থেকে ৭০ হাজার ডলার পর্যন্ত। এছাড়া ‘এ’ ক্যাটাগরির জন্য মূল্য ধরা হয়েছে বিদেশিদের জন্য ৫০ থেকে ৭৫ হাজার ডলার এবং দেশি খেলোয়াড়দের জন্য ৩০ থেকে ৪৫ হাজার ডলার। ‘বি’ ক্যাটাগরির জন্য বিদেশিদের জন্য ধরা হয়েছে ৩০ থেকে ৫০ হাজার এবং দেশি খেলোয়াড়দের জন্য ২০ থেকে ৩০ হাজার ডলার। এবং ‘সি’ ক্যাটাগরির জন্য দাম নির্ধারণ করা হয়েছে বিদেশিদের জন্য ১৫ থেকে ৩০ হাজার এবং দেশি খেলোয়াড়দের জন্য ১০ থেকে ২০ হাজার ডলারের।
গতবার মোটা অংকের টাকা দিয়ে খেলোয়াড় নিলেও ফ্রাঞ্চাইজিরা সময়মত তাদের পাওনা পরিশোধ করেনি। বিসিবিকে পরে দায়িত্ব নিতে হয়েছিল। এবার সেই ভুল করতে চায়না বিসিবি। তাই খেলোয়াড়দের পারিশ্রামিকের বিষয়টি গেম অন নয়, বিসিবি ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিবে। সেই মোতাবেক টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ, টুর্নামেন্ট শেষে ২৫ শতাংশ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার ছয়মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ পরিশোধ করতে হবে ফ্রাঞ্চাইজিদের।
খেলোয়াড় নিলামের আগে ফ্রাঞ্চাইজিদের সাথে চুক্তি সম্পন্ন করার কথা থাকলেও চুক্তির কাগজপত্র এখনো প্রস্তুত না হওয়ায় চুক্তির সময়সীমা পিছিয়ে গেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলরের সদস্য সচিব ডা: এ আই এইচ মল্লিক বলেন, ‘চুক্তির কাগজপত্র তৈরি হচ্ছে। আশা করছি বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বলে আশা করছি’। ফ্রাঞ্চাইজিদের সাথে চুক্তি না হওয়ায় খেলোয়াড়দের পারিশ্রামিক নিয়ে যেমন সমস্যা তৈরি হয়েছিল তেমনি ফ্রাঞ্চাইজিদের মালিকানা নিয়েও ফের নতুন করে সমস্যা দেখা দিয়েছে। সিলেটের মালিকানার অন্যতম শরিক মিজানুর রহমান তার মালিকানা বিক্রি করে দিয়েছেন। কিন্তু কোন ফ্রাঞ্চাইজি বিপিএলের তিন বছর অতিক্রম করতে না পারলে তাদের মালিকানার কোন অংশ বিক্রি করতে পারবে না। তবে গেম অন স্পোর্টসের পরিচালক অঞ্জন বললেন ভিন্ন কথা।
তিনি বলেন, ‘ফ্রাঞ্চাইজিদের সাথে এখনো চুক্তি হয়নি। তাই তাদের মালিকানা বিক্রি করলেও আমাদের কিছু করার নেই। চুক্তির পর এই নিয়ম চালু হবে। সিলেট যদি চুক্তির বিধিবহির্ভূত কাজ করে থাকে তাহলে দুরন্ত রাজশাহীও তো তাদের কিছু মালিকানা বিক্রি করে দিয়েছে। তবে আশা করবো চুক্তির পর এসব ঘটনা ঘটবে না’। এসব ছোট-বড় সমস্যা কাধে নিয়ে আজ শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় আসরের সূচনা পর্ব—নিলাম।
