নাগেশ্বরীতে একাধিক নদী এখন মরা খাল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৬
নাগেশ্বরীতে খননের অভাবে একাধিক নদীর পানি শুকিয়ে এখন মরা খাল। বিস্তীর্ণ জলরাশির পরিবর্তে এদের বুকে শোভা পাচ্ছে সবুজের সমারোহ। সর্বদা দিক পরিবর্তনকারী এই নদীগুলোর ভাঙন বৃদ্ধি পেয়েছে। এ উপজেলার উপর দিয়ে প্রবাহিত দুধকুমর, ফুলকুমর, ব্রহ্মপুত্র নদ, গঙ্গাধর, সংকোষ ও অসংখ্য গিড়াই নদী। খনন না করায় দীর্ঘদিন থেকে তলানিতে পলি জমে ভরাট হয়ে ফুলকুমর, সংকোষ ও ছোট-বড় অসংখ্য গিড়াই নদীর পানি শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে। নদীর সেই চির চেনা দৃশ্য এখন অনুপস্থিত। এদের বুকে জেগে উঠা জমিতে চাষাবাদ হচ্ছে। তাছাড়া এ এলাকায় সর্বত্রই ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য জলাশয়। তার মধ্যে গোর্দ্ধার, নাগেশ্বরী, মসলিয়া, চতলা, ভোসতুলি, নকাইঝাড়, মাদারের কুড়া, হাড়াগিলা, বড়মানি, ছোটমানি, মন্নেয়ারকুড়া, কুমড়িয়া, শিবেরহাট, ভেলকারদহ, ভেলাকোবা, শিতলয়া, শুটকিয়া, কালাপাঠের কুড়া, কাশিরডারা, সাতকুড়া, কালাপানি ও আসমিতা, অন্তাই, বোয়ালেরডারা ও মাধাইখাল বিল প্রভৃতি জলাশয় অন্যতম। এগুলো ভরাট হয়ে যাওয়ায় অধিকাংশই বর্ষা মৌসুম বাদে বছরের অন্যান্য সময় পানিশূন্য থাকে। এগুলোকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে খনন আবশ্যক। দীর্ঘদিন যাবত্ এ দাবিতে আন্দোলন করে আসা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ব্যাপারী বলেন, সময়ের প্রয়োজনে এটি এ এলাকার মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে। নদীগুলো খনন করে নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি অন্য জলাশয়গুলোকে আগের অবস্থানে ফিরিয়ে আনা দরকার।