যৌক্তিক অভিবাসন ব্যয় নির্ধারণের মাধ্যমে দক্ষ জনশক্তিকে বিদেশে পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরো বেশি শক্তিশালী করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত মক পার্লামেন্টে বক্তারা। গতকাল বুধবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিবেট ফর ডেমোক্রেসি এ মক পার্লামেন্টের আয়োজন করে। জনশক্তি রফতানি বিশ্লেষক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান, বিএমইটি’র অতিরিক্ত মহাপরিচালক সেলিম রেজা, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল ও মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম।
‘অভিবাসন ব্যয়’ শীর্ষক সংসদীয় বিতর্কে সরকারি দল হিসেবে গ্রীন ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এছাড়া অনুষ্ঠানে অভিবাসী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান বলেন, একাধিক স্টাডিতে দেখা গেছে, পাকিস্তান, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের অভিবাসন ব্যয়ের চেয়ে আমাদের দেশের অভিবাসন ব্যয় দুই থেকে তিনগুণ বেশি। কিছু অসাধু ব্যক্তির কারণে অভিবাসন ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। প্রতারণার হাত থেকে বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের রক্ষায় পাঠ্যপুস্তকে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।
রচনা প্রতিযোগিতায় ক- গ্রুপে বায়েজিদ হোসেন, মোস্তাকিম বিল্লাহ ও স্বর্ণালী আক্তার বিজয়ী হন। খ-গ্রুপে তারেক হোসেন, মো. কামরুল হাসান ও মোহাম্মদ ইসমাইল বিজয়ী হন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-গ্রুপে মায়মুনা আহম্মেদ রিচি, ইসরাত জাহান ও আসনুভা শাহরিন বিজয়ী হন। খ গ্রুপে আর্নিকা তাহ্সীন, জান্নাতুল ফেরদৌসী মৌ ও ফারহানা আক্তার বিজয়ী হন। বিতর্ক প্রতিযোগিতায় গ্রীন ইউনিভার্সিটির বক্তারা হলেন মো.মিরাজুল ইসলাম, কাজী নাজমুস সাদাত হাবিবী ও মো. আল আমিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলেন মো. নূর ই আলম, ফিরোজা রহমান রুনা ও সাইয়্যেদ মু. তাইয়্যেব।
