বনানীতে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেফতার ৭

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৫০
রাজধানীর বনানীর কাকলী ক্রসিংয়ে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে। জামায়াত ইসলামী সূত্রে জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, প্রচার সম্পাদক তাসনীম আলমকে গ্রেফতার এবং যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত কাদের মোল্লার স্ত্রীসহ ইসলামী ছাত্রী সংস্থার ২০ নারী সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াত-শিবির গতকাল বুধবার মহাখালী এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। সকাল ১০টার দিকে মিছিলটি মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়ে বনানীর কাকলী মোড়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশের শেষ মুহূর্তে পুলিশ এসে তাদের বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬/৭ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছোঁড়ে। এসময় জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় ৬/৭টি গাড়ি ভাংচুর করে। প্রায় ২০ মিনিট ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুবুর রহমান জানান, সকালে অতর্কিতভাবে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল বের করে।