আজ মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দাবাঙ’-এর সিক্যুয়াল ‘দাবাঙ ২’। ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে প্রায় ৩ হাজার সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে বলিউড টাইগারের এই ছবিটি। ছবিটির কেন্দ্রীয় চরিত্র চুলবুল পান্ডের চরিত্রে বরাবরের মতো অভিনয় করেছেন সালমান খান। তার বিপরীতেও কোনো পরিবর্তন আনা হয়নি। সোনাক্ষিই রয়েছেন চুলবুল পান্ডের স্ত্রী রাজ্জু পান্ডে হয়ে। তবে এবারের ছবিতে আইটেম গান একটি নয়, রয়েছে দুটি। একটি আইটেম গান করেছেন ছবিটির প্রথম সিক্যুয়ালের সুপারহিট গান ‘মুন্নি বদনাম হুয়ি’র মালাইকা অরোরা। আর অন্যটি করেছেন কারিনা কাপুর। ছবির প্রধান ভিলেন হিসেবে বরাবরের মতো সনু সোদকে রাখার চেষ্টা থাকলেও সিডিউলের কারণে পরিবর্তন করে প্রকাশ রাজকে কাস্ট করা হয়েছে। ‘ফেভিকলসে চিপকা দো’ শিরোনামের গানের মধ্য দিয়েই ‘দাবাঙ’ সিক্যুয়ালে কারিনার উপস্থিতি। অনেকেই বলছেন ‘দাবাঙ’-এর তৃতীয় সিক্যুয়ালে হয়তো কারিনা নায়িকা হবেন। ৪০ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি।
