রাণি এলিজাবেথের নামে অ্যান্টার্কটিকার একাংশের নাম

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২০:৩৩
বরফাচ্ছন্ন মহাদেশ অ্যান্টার্কটিকার একাংশ যুক্তরাজ্যের রাণি দ্বিতীয় এলিজাবেথের নামে নামকরণ করা হচ্ছে। দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে তার সম্মানে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। —খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। যুক্তরাজ্যের দ্বিগুণ আয়তনের এ অংশটি ‘কুইন এলিজাবেথ ল্যান্ড’ নামে পরিচিত হবে। ৪ লাখ ৩৭ হাজার ৭০৮ বর্গকিলোমিটার আয়তনের এ এলাকাটির এর আগে কোনো নামকরণ করা হয়নি। ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার কাছাকাছি অ্যান্টার্কটিকার এ অংশের সৈকত বরাবর উঁচু উঁচু পর্বত ও হিমবাহ রয়েছে। একইসঙ্গে এর সৈকতে রয়েছে প্রচুর পেঙগুইন ও এলিফ্যান্ট সিলের বসতি। মঙ্গলবার রাণী এলিজাবেথ প্রথমবারের মতো লন্ডনের ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় পরিদর্শন করেন এবং মন্ত্রিসভার একটি বৈঠকে অংশ নেন। এর মধ্যদিয়ে ১৭৮১ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পর যুদ্ধহীন অবস্থায় সিংহাসনে আসীন কোনো সম্রাট বা সম্রাজ্ঞী প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করলেন। মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের পরে রাণিকে ৬০টি মাদুর উপহার দেয়া হয়।