পূর্ব এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২০:৫০
আগামীতে পূর্ব এশিয়ার উদীয়মান দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক জানিয়েছে, চলতি বছর শেষে পূর্ব এশিয়ার উদীয়মান দেশগুলোর প্রবৃদ্ধি বাড়বে সাড়ে ৭ শতাংশ। যেখানে চলতি বছরের মাঝামাঝি দিকে এ দেশগুলোতে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বছর এ দেশগুলোতে প্রবৃদ্ধি আরও বেড়ে হবে ৭ দশমিক ৯ শতাংশ। খবর ব্লুমবার্গের। সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও জানায়, বহির্বিশ্বের দুর্বল অর্থনীতির কারণে এ অঞ্চলের আউটলুক এখনো নেতিবাচক অবস্থানে রয়েছে। ফলে বর্তমান পরিস্থিতির উপযোগী করে মুদ্রানীতি ঘোষণা করা হবে। তবে বেশিরভাগ দেশে মূল্যস্ফীতি কম থাকায় তাত্ক্ষণিক মুদ্রানীতি কঠোর করার কোনো প্রয়োজন নেই। প্রবৃদ্ধি বাড়াতে এশিয়ার নীতিনির্ধারকরা এ বছর মুদ্রা বা আর্থিক নীতি আরও শিথিল করেছেন। এর মধ্যে চীন সুদের হার কমিয়েছে এবং থাইল্যান্ড তাদের সরকারি ব্যয় বাড়িয়েছে। একই পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। বিশ্বব্যাংক জানায়, চলতি বছর চীনের প্রবৃদ্ধি ৭ দশমিক ৯ শতাংশ পর্যন্ত বাড়বে, যেখানে গত বছর ৯ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি বেড়েছিল। তবে আগামী বছর এশিয়ার বৃহত্তম অর্থনীতির এ দেশটির প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ৪ শতাংশ। আগামীতে চীনের প্রবৃদ্ধি বাড়ার কারণ হিসেবে বিশ্বব্যাংক জানিয়েছে, মুদ্রানীতি সমপ্রসারণ, স্থানীয় সরকারের অর্থনৈতিক প্রণোদনা, কেন্দ ীয় বিনিয়োগ প্রকল্প অনুমোদন বৃদ্ধি এবং ব্যবসায় আস্থা বেড়ে যাওয়ার সার্বিক প্রভাব পড়বে দেশটির ওপর।