বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা জোরদারে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২০:৫১
খাদ্য শিল্পখাতে কার্যকর দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে বিনিয়োগ বাড়াতে খাদ্য শিল্প উদ্যোক্তাদের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে পচনশীলতা প্রতিরোধক স্বাস্থ্যকর ফলমূলের জাত উদ্ভাবনে মৌলিক গবেষণা জোরদার করতে হবে। তিনি ফুড বায়োটেকনোলজির প্রয়োগ করে এ ধরনের ফলমূল ও খাদ্যপণ্য উত্পাদনে এগিয়ে আসার পরামর্শ দেন। শিল্পমন্ত্রী গতকাল রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে খাদ্য উত্পাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পে দেশীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রিধারী জনশক্তির নিয়োগ এবং শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। ডেনমার্কের উন্নয়ন সংস্থা ড্যানিডার সহায়তায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি (সিভিএএসইউ)-এর খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এ কর্মশালার আয়োজন করে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি (সিভিএএসইউ)-এর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবির, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ ইসমাইল মোস্তফা, সিভিএএসইউর সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথসহ খাদ্য শিল্প উদ্যোক্তারা বক্তব্য রাখেন।