জিদানকে হারালেন রোনালদো !

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে এই জিনেদিন জিদানের স্বাগতিক ফরাসী দলের কাছে হেরেই বিশ্বকাপ স্বপ্নে মাটিচাপা দিতে হয় রোনালদোর ব্রাজিল দলকে। এরপর ১৪টি বছর, অনুষ্ঠিত হয়ে গেছে আরো তিনটি বিশ্বকাপ। এর পরের বিশ্বকাপেই শিরোপা জয় করে রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৪টি গোল করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো। তবে ১৯৯৮ সালের সেই পরাজয়ের সেই দুঃস্বপ্ন আজো পিছু ছাড়েনি রোনালদোদের। সেই স্মৃতি আবারো জেগে উঠলো ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রিতে। দারিদ্র্যের বিপক্ষে এক চ্যারিটি ম্যাচে আবারো দেখা হয় সাবেক এই দুই প্রতিদ্বন্দ্বীর। ম্যাচটিতে রোনালদো ও তার বন্ধুদের নিয়ে গড়া দল ৩-২ গোলে হারায় জিদান একাদশকে। ম্যাচের দায়িত্বে ছিলেন ইটালিয়ান রেফারি পিয়েরলুইজ কলিনা। রোনালদোর দলে ছিলেন জিকো, কাফু, রবার্তো কার্লোস, রোমারিও বেবেতোর মতো সাবেক তারকারা। সাথে ছিলেন হাল আমলের নেইমার, দামিয়াওরা। জিদানের দলেও ছিল সাবেক তারকাদের মেলা। ছিলেন ফার্নান্দো হিয়েরো, ডেকো, লুজেনবার্গরা।