চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব ফেব্রুয়ারিতে

ম্যান ইউ-রিয়াল, বার্সা-মিলান মুখোমুখি

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় মুখোমুখি হয়ে গেল। চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে সাতবারের ট্রফি জয়ী এসি মিলানের সাথে। ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৯ সালের জুনে আট কোটি পাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ছেড়ে যাওয়ার পর এই খেলাটির সুবাদে প্রথমবারের মতো ওল্ড ট্র্যাফোর্ডে ফিরবেন। গত মৌসুমের ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ খেলবে আর্সেনালের সাথে, জুভেন্তাস মুখোমুখি হবে এবার সবাইকে তাক লাগিয়ে শেষ ষোলয় উঠে আসা সেল্টিকের। বড় বাজেটের দল প্যারিস সেন জার্মেইকে মোকাবিলা করতে হবে ভ্যালেন্সিয়ার। ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফার সদর দফতরে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ড্রয়ে সবচাইতে বেশি আকর্ষণ ছিল দুই স্প্যানিশ জায়ান্টকে নিয়ে। স্পেনের দল দু’টি ড্রয়ে পায় এমন দুই ক্লাবকে যারা আবার ইউরোপের ক্লাব পর্যায়ের সবচাইতে বড় টুর্নামেন্টটির বিচারে ব্যাপক অভিজ্ঞতার অধিকারী। স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এ মৌসুমে লা লিগায় দুর্দশার মধ্যে আছে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেও তারা বরুশিয়া ডর্টমুন্ডের পেছনে থেকে দ্বিতীয় স্থান পেয়ে নকআউটে উঠে আসে। রোনালদো অবশ্য ক্লাবের দুর্দশার মধ্যেও এখন মরিয়া হয়ে চেষ্টা চালাবেন ২০০৮ সালে যে ক্লাবটির হয়ে ইউরোপীয়ান কাপ জিতেছিলেন, তাদের বিরুদ্ধেই ভাল খেলার জন্য। তাছাড়া আছে নিজেকে বিশ্বে সেরা ফরোয়ার্ডদের একজন হিসেবে পাকাপোক্ত করার লড়াইও। রিয়াল কোচ হোসে মরিনহোও তার পুরনো প্রতিপক্ষ স্যার অ্যালেক্স ফার্গুসনের মোকাবিলায় সাফল্য পেতে মরিয়া হয়ে উঠবেন। রিয়াল মাদ্রিদের পরিচালক এমিলিও বুত্রেগুয়েনো বলেন,‘আমি নিশ্চিত এটা হতে যাচ্ছে রোনালদোর জন্য বিশেষ এক ম্যাচ। আমি মনে করি সমর্থকরাও এই ড্রয়ের পর খুবই আনন্দিত হবে। এটা হবে সবার জন্য বিশাল অভিজ্ঞতা।’ বার্সেলোনা এখন বাজির বাজারে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য ২-১ দলে ফেভারিট। যদিও মধ্য ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া নকআউটের লড়াইয়ে তাদের পক্ষে সাতবারের লিগ জয়ী এসি মিলানের চাইতে বেশি অভিজ্ঞ কাউকে পাওয়া সম্ভব ছিল না। বার্সেলোনার ভরসা মেসি যিনি ২০১২ সালে এ পর্যন্ত ৯০ গোল করেছেন। নিজেদের লিগে বার্সেলোনা যখন নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চাইতে নয় পয়েন্টে এগিয়ে আছে, সেসময়ে ইটালির ক্লাবটি আছে শীর্ষে থাকা জুভেন্তাসের চাইতে ১৪ পয়েন্ট পেছনে। মিলান গ্রুপ পর্বে মালাগার পেছনে থেকে দ্বিতীয় স্থান পেয়ে নকআউটে নাম লেখায়। কাতালান দলটির সহসভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউ স্পেনের ক্যানাল প্লাস চ্যানেলকে বলেন,‘মিলান হলো ইউরোপের অন্যতম সেরা এবং এমন একটি ক্লাব যারা কিনা সবার কাছ থেকে অনেক সমীহ আদায় করে থাকে। এ মুহূর্তে লিগে তাদের অবস্থা ভাল যাচ্ছে না। তবে তাদের আছে কয়েকজন অসাধারণ খেলোয়াড়। তারা হয়তো বর্তমানে ভাল খেলছে না। কিন্তু ফুটবলে একদিনের চাইতে অন্যদিন ভিন্ন।’ বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে আশাবাদী যে তার দল আর্সেনালকে বিদায় করে দিতে পারবে। তিনি বলেন,‘আমরা এ ম্যাচটি খেলতে যাচ্ছি খানিকটা ফেভারিট হিসেবে। তবে তাদের খাটো করে দেখলে আমরা ভুল করবো। গত কয়েক মাসে আর্সেনাল লিগের খেলায় হিমশিম খাচ্ছে, পয়েন্ট টেবিলের দিকে তাকালেই তা পরিষ্কার বোঝা যায়। আমরা অবশ্য লন্ডনের খেলায় ভাল কিছু করতে চাই যাতে করে নিজেদের মাঠে খেলাটা সহজ হয়ে যায়। নকআউট পর্বে প্রথম লেগের খেলাগুলো হবে ১২/১৩ ফেব্রুয়ারি নয়তো ১৯/২০ ফেব্রুয়ারি। একই ভাবে ফিরতি লেগ হবে মার্চের ৫/৬ নয়তো ১২/১৩। গালাতাসারায় এফসি শালকে সেল্টিক জুভেন্তাস আর্সেনাল বায়ার্ন মিউনিখ শাখটার ডনেটস্ক বরুশিয়া ডর্টমুন্ড এসি মিলান বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড ভ্যালেন্সিয়া প্যারি সেন জার্মেই এফসি পোর্তো মালাগা