বৃদ্ধাঙ্গুলে ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির। সুস্থ হবার জন্য হাতে অস্ত্রোপচার করতে হবে তাকে। ফলে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাউদিকে।
নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প¬াংকেট শিল্ড ম্যাচে ওয়েলিংটনের বিপক্ষে নর্দান ডিসট্রিক্টের হয়ে খেলার সময় হাতে ব্যথা পান সাউদি। প্রথম ইনিংসে ব্যাট-বল হাতে চোখ ধাঁধানো পারফরমেন্স দেখিয়েছেন তিনি। আট নম্বরে ব্যাট হাতে নেমে ঝড়ো সেঞ্চুরি তুলে নেন সাউদি। ১৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৩০ বলে ১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। শুধুমাত্র ব্যাট হাতেই নিজের ঝলক দেখিয়ে ক্ষান্ত হননি সাউদি। এরপর বল হাতেও দেখিয়েছেন নিজের কারিশমা। ৬৯ রানের বিনিময় শিকার করেছেন ৫ উইকেট। কিন্তু বল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন সাউদি। নিজের ১৬তম ওভারে বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি। ব্যথা নিয়ে এরপর মাঠের বাইরেও চলে যেতে হয় তাকে। পরে স্ক্যান রিপোর্টে ধরা পড়ে তার বৃদ্ধাঙ্গুলের লিগামেন্ট সমস্যা দেখা দিয়েছে। এ ব্যাপারে দলের ফিজিও পল ক্লোস জানান, ‘দুর্ভাগ্যক্রমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না সাউদির। ফিল্ডিং করার সময় বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি।’ -বাসস
