নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দেশে ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে নতুন বছরে সাবেক অধিনায়কদের নিয়ে একটি বৈঠক আয়োজন করছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
অধিনায়কত্ব পরিবর্তনের প্রক্রিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য তাদের সহযোগিতা গ্রহণ না করায় অনেক খেলোয়াড় বোর্ডের সমালোচনা করার পর এমন বৈঠক আয়োজন করা হচ্ছে।
এনজেডসি এক বিবৃতিতে জানায়, ‘বার্ষিক সভা হিসেবে এ বৈঠকে সাবেক অধিনায়ক ও খেলোয়াড়দেরকে তাদের সময়ের দিকগুলো তুলে ধরার জন্য সাবেক অধিনায়কদের আমন্ত্রণ জানানো হবে।’ সাবেক অধিনায়ক ও খেলোয়াড়রা যাতে তাদের মতামত এবং পর্যবেক্ষণ সরাসরি এনজেডসিকে জানাতে পারে সে জন্য আগামী বছরের শুরুতেই বোর্ড এ আয়োজন করতে চায় বলেও বিবৃতিতে জানানো হয়।
মার্টিন ক্রো, ডিওন ন্যাশ, সাইমন ডুল, ক্রেইগ ম্যাকমিলান এবং জন পার্কারসহ নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড়রা বোর্ডের সমালোচনা করে বলেছে— তাদের প্রস্তাবগুলোর কোন মূল্যায়ন করেনি বোর্ড।এনজেডসি প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটও বলেছেন, রস টেইলরের অধিনায়কত্ব বিতর্কের পর একটা সমাধান খুঁজে বের করার সময় এসেছে।-বাসস
