প্রখ্যাত গণগায়ক, গীতিকার-সুরকার-সংগঠক, উপমহাদেশের প্রবাদপ্রতীম শিল্পী সংগ্রামী হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ পূর্ণ হয়েছে এ বছরের ১৪ ডিসেম্বর। এই মহান শিল্পীর জন্মশতবর্ষ উপলক্ষে হেমাঙ্গ বিশ্বাস জন্মশতবর্ষ পর্ষদ গতকাল থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। গতকাল বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানমালার উদ্বোধন হয়। উদ্বোধনের পর পরিবেশিত হয় হেমাঙ্গ বিশ্বাসের গান। আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হবে সেমিনার। বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে হেমাঙ্গ বিশ্বাসের গান। আগামীকাল বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে পরিবেশিত হবে হেমাঙ্গ বিশ্বাসের গান। শেষ দিন হবিগঞ্জের চুনারুঘাট থানার মিরাশী গ্রামে হেমাঙ্গ বিশ্বাসের পৈত্রিক বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে লাঠিখেলা, আলোচনা ও হেমাঙ্গ বিশ্বাসের গান।
