বলিউডের অন্যতম জনপ্রিয় ড্যান্স কোরিওগ্রাফার প্রভু দেবার আপকামিং চলচ্চিত্র ‘এবিসিডি :অ্যানিবডি ক্যান ড্যান্স’-এর শুটিং প্রায় শেষের দিকে। ভারতে এর আগে নাচভিত্তিক একাধিক চলচ্চিত্র হলেও প্রভু দেবা দাবি করছেন এটিই ভারতের প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ নাচভিত্তিক চলচ্চিত্র। এরইমধ্যে চলচ্চিত্রটির ৯০ শতাংশ শুটিং শেষ হয়েছে। খুব শীঘ্রই বাকি ১০ শতাংশের শুটিং হবে, তবে এর আগে পোস্ট প্রোডাকশনের কাজ গুছিয়ে নিতে চাচ্ছেন প্রভু দেবা। কারণ পোস্ট প্রোডাকশনের উপরই নাকি নির্ভর করবে বাকি শুটিংটা কী ধরনের হবে। এরইমধ্যে ছবিটির ট্রেইলর ভারতীয় চ্যানেলে প্রচার শুরু হয়েছে। জানা যায়, এই ছবিটিতে নাচের মাধ্যমে সমাজের অনেক অসংগতি তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। অনেকে বলছেন ছবিটি হলিউডি চলচ্চিত্র ‘স্টেপ আপ’-এর মতো অনেকটা। কিন্তু এ ক্ষেত্রে প্রভু দেবা বলছেন, ‘ছবিটি মোটেও ‘স্টেপ আপ’-এর মতো নয়। বরং তার চেয়ে অনেক বেশি মানসম্মত। আমি চেষ্টা করেছি নাচের মাধ্যমে সমাজের অনেক অসংগতি তুলে ধরতে। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই ছবিটি। নাচের মধ্যে যে কি পরিমাণ আবেগ, অনুভূতি, প্রেম, অ্যাকশন রয়েছে তা আমি শতভাগ তুলে ধরতে সফল হয়েছি।’ উল্লেখ্য, এই ছবিতে প্রভু দেবার অলটাইম হিট গান ‘মোকাবেলা’র রিমেক করেছেন। এবং সেই গানটিকে নতুন করে কোরিওগ্রাফি করেছেন প্রভু দেবা। আগামী ফেব্রুয়ারির ৮ তারিখে মুক্তি পাবে ছবিটি। উল্লেখ্য, মাঝে কয়েকটি ছবি প্রভু দেবা পরিচালনা করলেও নিজের অভিনীত এই ছবিটি তিনি পরিচালনা করেননি। ছবিটি পরিচালনা করেছেন রেমু ডিসুজা। উল্লেখ্য, এই ছবিটি থ্রিডি সংস্করণে নির্মাণ করা হচ্ছে।
