উইগান-আর্সেনাল
ম্যানসিটি-রিডিং
নিউ ক্যাসল-কুইন্স পার্ক রেঞ্জার্স
সাউদাম্পটন-সান্দারল্যান্ড
টটেনহ্যাম-স্টোকসিটি
ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন-নরউইচ সিটি
ওয়েস্টহ্যাম-এভারটন
লিভারপুল-ফুলহ্যাম
রবিবার
সোয়ানসি সিটি-ম্যানইউ
চেলসি-অ্যাস্টন ভিলা
স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির শিরোপা ধরে রাখতে হবে। ইত্তেহাদ শিবির চাপে রয়েছে কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড বেশ দৃঢ় এবং অনেকটা এগিয়ে গেছে। আর এমন পরিস্থিতিতে ইনজুরি আক্রমণ করেছে সিটিতে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া তাদের মাঠে নামতে হচ্ছে। ফলে বড়দিনের আগে আজ শনিবার আশঙ্কা নিয়ে মাঠে নামতে হচ্ছে রবার্তো মানচিনির দলকে। ইত্তেহাদ স্টেডিয়ামে আজ সিটির প্রতিপক্ষ রিডিং।
লিগে ১৭ খেলা শেষে ম্যানইউ ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। সিটি ছয় পয়েন্ট পেছনে রয়েছে। গত ৯ ডিসেম্বর ম্যানচেস্টার ডার্বিতে অ্যালেক্স ফার্গুসনের দল ম্যানইউ জয় তুলে নিয়েছিল ৩-২ গোলে। সেখান থেকেই পেছনে পড়তে থাকে সিটি। এদিকে এমন গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নামার সম্ভাবনা অনেকটাই ফিকে অধিনায়ক ভিনসেন্ট কম্পেনি এবং মিডফিল্ডার সামির নাসরির।
ইনজুরির জন্য গত সপ্তাহের নিউ ক্যাসলের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচেও তিনি ছিলেন না। আর আজও তিনি অনিশ্চিত। নাসরি অনেকটা এধরনের ইনজুরিতেই ভুগছেন। সেন্ট জেমস পার্কে এই ম্যাচে নাসরি ইনজুরি আক্রান্ত হন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে দুই সপ্তাহের মত মাঠের বাইরে থাকতে পারেন নাসরি।
এদিকে সেন্ট্রাল মিডফিল্ডার জ্যাক রডওয়েল হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। আগামী বছরের আগে তাকে মাঠে পাওয়া যাচ্ছে না। অক্টোবর থেকে তিনি ইনজুরিতে আক্রান্ত।
ইনজুরি সত্ত্বেও ম্যানসিটি কোচ মানচিনি আশা করছেন রিডিংয়ের বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করতে পারবে তার দল। রিডিং পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। আর শেষ সপ্তাহে তারা আর্সেনালের বিপক্ষে ৫-২ গোলে হেরেছে। সিটি জয় পেলে শীর্ষস্থানে থাকা ম্যানইউ থেকে তিন পয়েন্ট ব্যবধান কমবে। তবে সেক্ষেত্রে আবার আগামীকাল রবিবার স্বাগতিক সোয়ানসি সিটির বিপক্ষে ম্যানইউকে হারতে হবে।
আর্সেনাল আজ পয়েন্ট তালিকার ১৮তম স্থানে থাকা উইগানের মুখোমুখি হবে। আর্সেন ওয়েঙ্গারের দল জয় পেলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে চলে যেতে পারে। আর্সেনাল ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে। দলের অন্যতম মূল সদস্য জার্মান তারকা লুকাস পোডলস্কি বলেন, ‘ আমরা ভালো দল। আশা করি এই ম্যাচেও আমরা জয় পাবো। সামনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতেও আমরা ভালো খেলতে চাই।’
টটেনহ্যাম হটস্পার রয়েছে চতুর্থ স্থানে। তারা তৃতীয় স্থানে থাকা চেলসির পেছনে রয়েছে সমান ২৯ পয়েন্ট নিয়ে। স্পার্স দলের কোচ আন্দ্রে ভিলাস বোয়াস দলের ব্যাপারে নিজের মন্তব্য প্রকাশ করে বলেন, ‘দল নিয়ে এখন আমাদের সবার মধ্যেই স্বস্তি বিরাজ করছে। দলে ইনজুরির সমস্যা আছে কিছু। তবে, তাদের পরিবর্তে যারা মাঠে নামবে তারাও ভালো ফুটবলের মধ্যেই আছে। তাই সব মিলিয়ে আমার দল বেশ ব্যালান্সড। ম্যাচ জয় করে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান আরো জোরদার করতে চাই।’
স্টামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ রবিবার অ্যাস্টন ভিলা। করিন্থিয়াসের কাছে ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ১-০ গোলে হারের পর ক্যাপিটাল ওয়ান কাপের ম্যাচে লিডস ইউনাইটেডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজের দলের সবাই নিজেদের হতাশাকে মুছে ফেলেছে। এবার তাদের লড়াই ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদেরকে আরো এগিয়ে নেয়া।
আজ আন্দ্রে ভিলাস বোয়াসের দল টটেনহ্যাম মোকাবিলা করবে স্টোকসিটির। লিভারপুল নিজেদের মাঠ অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ সপ্তাহে ৩-১ গোলে হেরে গিয়েছিল। ফুলহ্যাম আজ যাবে লিভারপুলের মোকাবিলা করতে। আজ দিনের অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে নিউ ক্যাসল-কুইন্স পার্ক রেঞ্জার্স, সাউদাম্পটন-সান্দারল্যান্ড, ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন-নরউইচ সিটি ও ওয়েস্টহ্যাম-এভারটন।
