লা লিগায় আজ
রিয়াল বেটিস-মায়োর্কা
রিয়াল ভ্যালেদোলিদ-বার্সেলোনা
মালাগা-রিয়াল মাদ্রিদ
ওসাসুনা-গ্রেনাডা
অ্যাথলেটিকো বিলবাও-রিয়াল জারাগোজা
কোচ টিটো ভিলানোভাকে ছাড়াই স্প্যানিশ ঘরোয়া লিগ লা লিগায় আজ খেলতে নামছে জায়ান্ট দল বার্সেলোনা। জয়ের ধারা অব্যাহত রেখে বছরের শেষটা দুর্দান্ত করতে মরিয়া তারা। অ্যাওয়ে ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ রিয়াল ভ্যালেদোলিদ। একই দিন মাঠে নামছে আরেক বড় ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ মালাগার বিপক্ষে জয় তুলে নিয়ে আবারো জয়ের ধারায় ফিরে আসাই মূল লক্ষ্য গ্যালাক-টিকোদের।
গত মৌসুমে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। এরপর দলের কোচের দায়িত্ব পান গার্দিওয়ালার সহকারী টিটো ভিলানোভা।
দলের গুরুদায়িত্ব নিয়ে নিজের কারিশমা দেখান ভিলানোভা। লা-লিগায় ১৬ ম্যাচেই ১৫ জয় তুলে নেয় ভিলানোভার দল বার্সা। কিন্তু লিগে নিজেদের ১৭তম ম্যাচে ভিলানোভার কৌশল ছাড়াই খেলতে নামতে হচ্ছে বার্সেলোনাকে।
কারণ আবারো নতুন করে ভিলানোভার শরীরে জেগে উঠেছে টিউমার। ফলে আবারো দেহে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে ভিলানোভাকে। তাই পরের ম্যাচসহ আরো কয়েক সপ্তাহ বার্সাকে সার্ভিস দিতে পারবেন না ৪৪ বছর বয়সী ভিলানোভা।
তারপরও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে খেলতে নামছে বার্সেলোনা। প্রতিপক্ষ ভ্যালাডোলিডের বিপক্ষে এ ম্যাচেও স্পষ্টভাবেই ফেভারিট বার্সা। লিগে দুর্দান্ত গতিতেই এগিয়ে চলছে কাতালানরা। তার প্রমাণ লিগের শেষ ম্যাচটি। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-১ গোলের উড়ন্ত জয়ই পেয়েছে মেসি, জাভি, ইনিয়েস্তারা।
ঐ ম্যাচেও জোড়া গোল করেছেন বর্তমান ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। এই নিয়ে লিগে টানা ছয় ম্যাচে জোড়া গোল করলেন মেসি। আর কিছুদিন আগে তো নতুন রেকর্ডই গড়েছেন তিনি। একবর্ষে সবচেয়ে বেশি গোল করে রেকর্ড বইয়ে নিজের নাম লেখান মেসি। তবে এ নিয়ে বির্তকটা এখন বেশ গরম। আপতত সেই আলোচনা তোলা থাক ভবিষ্যতের জন্যই।
১৬ খেলায় ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। আর তাদের প্রতিপক্ষ রিয়াল ভ্যালেদোলিদ ১৬ খেলায় ২২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দশম স্থানে। নিজেদের মাঠে খেলা হওয়ার সুবিধা কাজে লাগাতে মরিয়া দলটি।
দারুণ ফর্ম নিয়ে যখন আকাশে উড়ে বেড়াচ্ছে বার্সেলোনা, সেখানে চিন্তার ভাজে এক রকম মুমূর্ষু রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে আগের ম্যাচে এস্প্যানিওলের সাথে ২-২ গোলে ড্র করায় চিন্তার ভাজটা আরো বড় আকার ধারণ করেছে। দলের কোচ হোসে মরিনহোর কথায় তা বেশ ভালোভাবেই আন্দাজ করা যাচ্ছে।
ঐ ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর মরিনহো বলেন, ‘এবার শিরোপা জয়ের আশা ছেড়েই দিয়েছি আমরা।’ তাই শিরোপা জয়ের স্বপ্নটা একরকম ফিকেই হয়ে গেছে মাদ্রিদের। পয়েন্ট হিসাবটাও কিন্তু তাই বলছে। ১৬ খেলায় ৩৩ পয়েন্ট অ্যাকাউন্টে জমা রয়েছে রিয়ালের। চিরপ্রতিন্দ্বন্দ্বী বার্সেলোনার চাইতে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
তাই শিরোপা জয়ের আশা অনেকাংশে নষ্ট হয়ে গেলেও আবারো জয়ের ধারায় ফেরার লক্ষ্য রিয়াল মাদ্রিদের। সেই লক্ষ্য নিয়ে মালাগার বিপক্ষে নিজেদের ১৭তম ম্যাচ খেলতে নামছে গ্যালাকটিকোরা। কিন্তু এ ম্যাচেও হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে রোনালদো-বেনজেমাদের।
কারণ মাঠের পারফরমেন্সে বেশ ভালোই উজ্জ্বল মালাগাও। ১৬ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানেই রয়েছে তারা। রিয়ালের ঠিক পরের জায়গাটিতে রয়েছে মালাগা। তাই তাদেরও লক্ষ্য জয়ের স্বাদ নিয়ে পয়েন্টের অ্যাকাউন্টটা আরো শক্তপোক্ত করা। —বাসস/এএফপি
