বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর বাতিলের দাবিতে গতকাল শুক্রবার সিলেটে মানববন্ধন হয়েছে।
নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ক্রিকেটপ্রেমী তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সের ও পেশার মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল ‘ক্রিকেটাররা কারখানায় সৃষ্টি হয় না , চাইলেই বলি দেয়া যায় না’, ‘ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল কর’, ‘জঙ্গি দেশে ক্রিকেট নয়’, ‘ব্যক্তিস্বার্থে তামাশার সফর বাতিল কর’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লেকার্ড। পাকিস্তান সফর বাতিলের দাবিতে সাংস্কৃতিক সংগঠন প্রান্তিক পর্ষদ সিলেট এ কর্মসূচির আয়োজন করে।
প্রান্তিক পর্ষদের সভাপতি দেবাশীষ দেবুর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের আহবায়ক আব্দুল করিম কীম, ক্রীড়া সাংবাদিক চয়ন চৌধুরী, ক্রীড়ানুরাগী কবির আহমদ, রাহাত, কবি সজল ছত্রী, বীথি চৌধুরী, ফজলুর রহমান নোমান, রাজিব রাসেল, জামান তাপাদার, দেবোজ্যোতি দেবু, উত্তরা সেন, কাজী অহিদ, সৈয়দ রাসেল, মহিবুল সুজন, জাফরুল জনি, সৌমেন রায়, অসিম দাস, পাপলু বাঙালি, সাকিন ইভান, আলীম আল রাজি, শেখর রায়, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
