হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আজমল

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:২৮
পাকিস্তানি স্পিনার সাঈদ আজমলের সঙ্গে চুক্তি করেছে ইংলিশ কাউন্টি ক্রিকেট দল হ্যাম্পশায়ার। তবে পুরো মৌসুম নয়, ২০১৩ মৌসুমের শেষ পর্যায়ের জন্য আজমলের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি। আগামী আগস্ট-সেপ্টেম্বরে হ্যাম্পশায়ারে যোগ দেবেন আজমল। ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়দের অন্যতম অস্ট্রেলিয়ার জর্জ বেইলি এ সময়ে হয়তো বা দেশের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ খেলতে যাবেন। এছাড়া অপর খেলোয়াড় বা-হাতি স্পিনার ড্যানি ব্রিগসও এসময় আন্তর্জাতিক দায়িত্ব পালনে দেশে ফিরতে পারেন। ২০১২ সালে অল্পের জন্য দ্বিতীয় বিভাগ থেকে উত্তরণ ঘটাতে পারেনি ক্লাবটি। ওয়েস্ট এন্ডের স্পিন সহায়ক পিচে মৌসুমের শেষ দিকে আজমল হ্যাম্পশায়ারের জন্য খুবই কার্যকর হবেন বলে ধারণা করা হচ্ছে। হ্যাম্পশায়ার ম্যানেজার গাইলস হোয়াইট বলেন, ‘অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মনে হয়, জর্জ এবং ড্যানি দু’জনেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ওডিআই সিরিজে চলে যেতে পারে। সুতরাং সেপ্টেম্বরে আজমলকে পাওয়া অনেক বড় কিছু।’ ‘সব ফরমেটেই বিশ্বের সেরা বোলারদের একজন সে এবং মৌসুমের শেষ দিকে তার দলে যোগ দেয়া মানে গুণগতভাবে দল অনেক এগিয়ে যাবে।’ -বাসস