প্রথম টেস্টে ফিলান্ডারের খেলা নিয়ে সন্দেহ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:২৮
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বছরের প্রথম টেস্টে খেলা নিয়ে সন্দেহ রয়েছে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ভারনন ফিলান্ডারের। নিউল্যান্ডসে কোবরা এবং টাইটানসের মধ্যকার প্রথম শ্রেণীর ম্যাচে বাম হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ফিলান্ডার। আঘাতটা অবশ্য আগেও ছিল। আঘাত পেয়ে মাঠ ছেড়ে সরাসরি স্ক্যান করতে হাসপাতালে যেতে হয়েছে তাকে। তবে আঘাত পাওয়ার আগে মাত্র পাঁচ ওভার বোলিং করে শিকার করেছেন এক উইকেট। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি’র ভাষ্য অনুযায়ী, ‘এ ধরনের ইনজুরিতে কমপক্ষে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হয়।’ মুসাজি বলেন, ‘তার ইনজুরিটা কি অবস্থায় আছে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেরে উঠতে কম হলেও এ সময়টা দরকার। আবার তিন সপ্তাহও লাগতে পারে।’’ এ ইনজুরিটা তার আগেই ছিল এবং এখন শুধু ব্যথা শুরু হয়েছে বলেও জানান তিনি। আগামী ২ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হবে। সুতরাং ফিলান্ডারের ইনজুরিটা সামান্য হলে সে খেলতে পারবে। এর দ্বিতীয় টেস্ট শুরু হবে ১১ জানুয়ারি। সুতরাং ইনজুরি মারাত্মক হলে এক্ষেত্রে সে তিন সপ্তাহ সময় পাচ্ছে। ফিলান্ডার প্রথম টেস্ট খেলতে না পারলে তার পরিবর্তে ররি ক্লেনভেল্ডেটকে খেলানো হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এডিলেড টেস্টে ফিলান্ডার খেলতে না পারলে সে সময়ও তার বদলি হিসাবে ক্লেনভেল্ডেট খেলেছিলেন। - বাসস