দুবাইয়ের আল-আইন শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড সিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য ৯ সদস্যের দাবা দল গতকাল সকালে দুবাই গেছে। দলের সাথে গেছেন দুই গ্র্যান্ডমাস্টার। তারা হলেন:নিয়াজ মোরশেদ এবং জিয়াউর রহমান। অন্য গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব এবং এনামুল হোসেন রাজিব জাতীয় লিগে খেলেননি বলে তারা বাদ পড়েছেন। আর রিফাত বিন সাত্তার পারিবারিক কারণে যেতে পারেননি বলে ফেডারেশন থেকে জানা গেছে। দাবা কর্মকর্তারা মনে করেন দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার এক সাথে গেলে দলের শক্তিটা বৃদ্ধি পেত।
ওয়ার্ল্ড সিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপে ২৫টি দেশ খেলবে ছয় গ্রুপে। এর মধ্যে প্রাথমিক রাউন্ড হবে নক আউট পদ্ধতির। নক আউট থেকে ১৬ দল চূড়ান্ত পর্বে খেলবে। দাবা চ্যাম্পিয়নশিপে দেড় লাখ ডলার পুরস্কার দেয়া হবে। এই ইভেন্টের আরেকটি পর্ব অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে। বাংলাদেশ দাবা দলের কর্মকর্তারা হলেন:হেড অফ ডেলিগেট কেএম শহীদউল্ল্যা, অধিনায়ক সায়েফ উদ্দীন লাভলু, কর্মকর্তা লায়ন মজিবুর রহমান হাওলাদার, বিচারক হারুন অর রশিদ। খেলোয়াড়রা হচ্ছেন:দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান, দুই আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর ও আবু সুফিয়ান শাকিল এবং ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী। ৪০তম দাবা অলিম্পিয়াডের বাংলাদেশ দাবা দল দারুণ পারফরমেন্স করার সুবাদে ওয়ার্ল্ড সিটি দাবায় খেলার সুযোগ পেয়েছে।
