ভারত পাকিস্তান ক্রিকেট সিরিজ

টিকেট কিনতে দর্শকদের ব্যাপক চাহিদা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:৩০
ভারত পাকিস্তানের মধ্যকার আসন্ন ক্রিকেট সিরিজের টিকেটের জন্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অপরদিকে পাকিস্তানের সমর্থকরা অপেক্ষায় আছে ভারত থেকে টিকেট এসে পৌঁছানোর জন্য। বাঙ্গালোরে ২৫ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি দিয়ে শুরু হবে এই সিরিজ। ২০০৭ সালের পর এই প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজটিতে পাকিস্তান ভারতের মাটিতে দুটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। গতকাল শুক্রবার টিকেট ছাড়া হলে দর্শকদের বিপুল আগ্রহ দেখা যায় দক্ষিণ ভারতের শহরটিতে। পুলিশ জানায়, দর্শকরা মধ্যরাত থেকে কাউন্টারের সামনে ভিড় জমাতে থাকে। এর আগে চলতি মাসের শুরুতে অনলাইনে টিকেট বিক্রি করা হয়। বাঙ্গালোরে নিকট পড়শি ও পরস্পরের চিরপ্রতিদ্বন্দ্বী এ দুটি দেশ সর্বশেষ খেলেছিল ২০০৭ সালে। সেটি ছিল টেস্ট ম্যাচ। টিকেটের অপেক্ষায় পিসিবি এ মাসের শেষ দিকে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রতিশ্রুত তিন হাজার টিকেটের জন্য এখনো অপেক্ষায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি’র একটি সূত্র জানায়, ওই ম্যাচগুলোর টিকেটের জন্য নির্ধারিত তিনটি ট্রাভেল এজেন্সীতে টিকেট প্রত্যাশীদের তালিকা দীর্ঘ হচ্ছে। কিন্তু টিকেট না পাওয়ায় কোন প্রক্রিয়াই এগুচ্ছে না।’ সূত্রটি জানায়, ‘ভারতীয় হাই কমিশন ঘোষিত প্রক্রিয়াটি খুবই পরিষ্কার। দর্শকরা কোন মাঠে খেলা দেখতে চায়— সে ম্যাচের টিকেটসহ আবেদন করলেই কেবলমাত্র বিশেষ ভিসা প্রক্রিয়া শুরু হবে এবং ভিসা দেয়া হবে। পিসিবি এবং ট্রাভেল এজেন্সীগুলো যে সমস্যা মোকাবিলা করছে তা হলো যেহেতু এখনো তারা বিসিসিআই থেকে কোন টিকেট পায়নি তাই তারা আবেদনের কোন প্রক্রিয়াই শুরু করতে পারছে না।’ আরো একটি কারণে এই পরিস্থিতি দেখা দিয়েছে। সেটি হলো ভারত সফরকালে পাকিস্তানী পর্যটকদের থাকার জন্য নির্দিষ্ট কিছু হোটেলের সুপারিশ করেছে বিসিসিআই। কিন্তু এখনো সেগুলো চূড়ান্ত হয়নি। পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘প্রধান সমস্যা হচ্ছে ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোর জন্য পিসিবি মাত্র তিনটি ট্রাভেল এজেন্সীকে অনুমোদন দিয়েছে। কিন্তু টিকেট না পাওয়া পর্যন্ত তারা কিছুই করতে পারছে না।’ টিকেট পাঠানোর জন্য পিসিবির তরফে বিসিসিআইকে নিয়মিতভাবে তাগাদা দেয়া হচ্ছে বলেও জানায় সূত্রটি। বাসস/পিটিআই