বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
বাংলাদেশ সোশিওলজিকাল এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে সমাজ বিজ্ঞানীরা বলেছেন, আধুনিক প্রযুক্তির অগ্রগতিতে বিশ্বব্যাপী দ্রুত শিল্পায়ন মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন এনেছে। সংস্কৃতি এবং সংস্কৃতি চর্চায় এসেছে বৈচিত্র্য ও ভিন্নতা। একই সমাজে সধারণ মূল্যবোধ লালনের ক্ষেত্রে অধিকহারে পৃথক গোষ্ঠীর সৃষ্টি সমাজ চিন্তা ও পাঠে জটিলতা তৈরি করেছে। আধুনিকায়ন ও বিশ্বায়নের ফলে এ জটিলতা যেমন বেড়েছে তেমনি সামাজিক বৈষম্য এবং বিচারহীনতাও বেড়েছে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের সাহস বাড়ায়। এ থেকে সমাজ এবং রাষ্ট্রকে মুক্ত হতে হলে রাষ্ট্রের সকল পর্যায়ে ন্যায় বিচার এবং কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এ জন্য সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সততা ও সতর্কতার সাথে কার্যকর ভূমিকা রাখতে হবে। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় সামাজিক ন্যায় বিচার, সমতা এবং আধুনিকায়ন’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোশিওলজিকাল এসোসিয়েশন দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। আজ এ সম্মেলন শেষ হবে। উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশে অনেক ধরনের সামাজিক অসমতা বিরাজ করছে। ন্যায় বিচারের অভাব রয়েছে। ফলে সমাজে নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে এবং অপরাধের প্রবণতা বাড়ছে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে বিদ্যমান অসঙ্গতিগুলো দূর করতে হবে। এক্ষেত্রে সমাজ বিজ্ঞানীদের পর্যবেক্ষণ এবং নির্দেশনা সকল স্তরের জনগণের কাছে পৌঁছে দিতে হবে। সভাপতির বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এস আমিনুল ইসলাম বলেন, সমাজে ন্যায় বিচার যেমন উপেক্ষিত রয়েছে তেমনি বিচারহীনতার সংস্কৃতিও গড়ে উঠেছে। এ বিচারহীনতা সংস্কৃতি দুর্বৃত্তদের শক্তিশালী করে আর দুর্বল ও সত্ মানুষকে অন্যায়-বৈষম্যের শিকারে পরিণত করে। তাই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে রাষ্ট্রীয় পর্যায়ে আরো উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক সোশিওলজিকাল এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক মার্গারেট আব্রাহাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম ইমদাদুল হক, বাংলাদেশ সোশিওলজিকাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী সালেহ উদ্দীন। এ সময় ‘আধুনিকায়ন থেকে বিশ্বায়ন:সমাজ পরিবর্তন অধ্যয়নে চিন্তাধারার পরিবর্তন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আবুধাবি’র জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল হক খন্দকার।