বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ

এসপিএসসিএল ও এইচএসবিসির মধ্যে ঋণ চুক্তি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
৪৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুেকন্দ্র নির্মাণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি (এসপিএসসিএল) ৪২ কোটি ডলার ঋণ নিচ্ছে। চড়া সুদে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এ ঋণ দিচ্ছে এসপিএসসিএলকে। সুদের হার ৪ দশমিক ৬৭ শতাংশ। দশ বছর মেয়াদি এ ঋণের গ্রেস পিরিয়ড তিন বছর। এ ঋণের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এসপিএসসিএল ও এইচএসবিসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। ঋণ চুক্তিতে সই করেন এসপিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলম ও এইচএসবিসির কমার্শিয়াল ব্যাংকিংয়ের প্রধান মো. মাহবুব-উর-রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক এ সময় উপস্থিত ছিলেন। এ বিদ্যুত্ কেন্দ্রটি নির্মাণের (ইপিসি) কাজ পেয়েছে সুইডেনের কোম্পানি ইনইলেক্ট্রা ইন্টারন্যাশনাল এবি ও স্পেনের কোম্পানি টিএসকে ইলেকট্রোনিকা ওয়াই ইলেকট্রিসিদাদ এসএ। গত মে মাসে এ বিষয়ে কোম্পানি দুটির সঙ্গে এসপিএসসিএলের চুক্তি হয়। গত বছরের ৪ জুন কেন্দ্রটি নির্মাণে ইপিসি ঠিকাদারের নির্বাচনে দরপত্র আহ্বান করা হয়।