আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুল জলিল তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবাস্তর উল্লেখ করে বলেন, উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দিয়েছে। সংসদ এই সরকার ব্যবস্থা বাতিল করেছে। তাই তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের প্রক্রিয়া নেই।
শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আওয়ামী তরুণ লীগ আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজপথে আন্দোলন করে লাভ নেই উল্লেখ করে আব্দুল জলিল বলেন, অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপের মাধ্যমে সমাধান হতে পারে। এ ব্যাপারে সংসদে, সংসদের বাইরে সংলাপের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সফল হবে না। বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধের বিচার কাজ শেষ হবে। এ সময় তিনি প্রয়াত আব্দুর রাজ্জাকের রুহের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মুক্তিযুদ্ধসহ স্বাধীন দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আব্দুর রাজ্জাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মতো গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক এখন প্রয়োজন। তার সংগ্রামী জীবন গৌরবোজ্জ্বল ইতিহাস হয়ে থাকবে।
সংগঠনের সভাপতি মো. এম এইচ বাবুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমীর প্রধান উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু, ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রমুখ।
