দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের লক্ষ্যে গবেষণা কার্যক্রম জোরদার করতে শিল্প মন্ত্রণালয় খুব শীঘ্রই বুয়েটের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এর আওতায় বুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি দেশিয় শিল্পোদ্যোক্তাদের মাঝে বিপণন করে প্রাপ্ত রয়্যালটির অর্থ শিক্ষার্থীদের গবেষণা কাজে পুনরায় বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে দেশে সৃজনশীল তরুণ শিল্পোদ্যোক্তা ও গবেষক সৃষ্টির পথ সুগম হবে বলে তিনি উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী গতকাল রাজধানীর একটি হোটেলে ‘এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১২’ এ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জনান। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এ অনুষ্ঠান আয়োজন করে। এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমদ ও এমসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট এম. আনিস-উদ-দৌলা। এতে অন্যান্যের মধ্যে প্রতিযোগিতার টেলিকম পার্টনার ও বাংলালিংকের উপপরিচালক (বিপণন) সোলায়মান আলম, প্রতিযোগিতায় বিজয়ী তরুণ ব্যবসায় পরিকল্পনাকারী সামিয়া শরীফ, মোঃ ইব্রাহিম খলিল চৌধুরী ও রিশাদ আহমেদ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতার জন্য সারাদেশ থেকে নবীন উদ্যোক্তাদের জন্য ৪শ’ ৭৫টি আবেদন জমা পড়ে। প্রতিযোগিতায় বুয়েটের শিক্ষার্থী সামিয়া শরিফ এবং মাহমুদুল ইসলাম তপুর দাখিলকৃত ধানের তুষের ছাই থেকে সোডিয়াম সিলিকেট তৈরির ব্যবসায় পরিকল্পনা প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ ইব্রাহিম খলিল চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের দল দাখিলকৃত কলা গাছের ছাল থেকে সুতা উত্পাদন পরিকল্পনা দ্বিতীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিশাদ আহমেদ এর নেতৃত্বে তিন সদস্যের দল দাখিলকৃত বাঁশ পাতা ও ধানের তুষ থেকে কাগজের বোতল উত্পাদন পরিকল্পনা তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের হাতে যথাক্রমে পাঁচ লাখ, চার লাখ ও তিন লাখ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন।
