শীর্ষ মনোনয়নে মালা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ১৯:২৮
সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ মনোনয়নের সংবাদে স্বভাবতই দারুণ চমকে গিয়েছিলেন মালা। নিজের প্রথম সলো অ্যালবামেই এভাবে সাফল্য আসবে তিনি ভাবেননি। এবারের সিটিসেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডেব্যু আর্টিস্টের ক্যাটাগরিতে তিনি মনোনয়ন পেয়েছেন। মালা তার এই সুসংবাদ পেয়েই সুদূর অস্ট্রেলিয়া থেকে ছুটে এসেছেন। ঢাকা ও কলকাতায় আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। এই আয়োজনে অংশ নেওয়া ছাড়াও নিজের নতুন সলো অ্যালবামের কাজেও ঢাকা এসেছেন তিনি। মালা বলেন, ‘এবারে বেশ ক’টি মিক্সড অ্যালবামে গান গাইব। পাশাপাশি নিজের সলো অ্যালবামটির কাজ শেষ করব। মোবাইলে বন্ধুবান্ধবরা যখন আমার মনোনয়নের খবরটা দিলেন তখন সত্যিই বিশ্বাস হয়নি। তবে এই মনোনয়ন আমার জন্য অনেক উত্সাহের। এরপর পুরস্কারের বিষয়টা তো অনেকটা ভাগ্যের ব্যাপার। তবে আমি মনোনয়ন পেয়েই আনন্দিত।’ উল্লেখ্য, মালা ২ মাসের জন্য দেশে এসেছেন। এ সময়ে তার নতুন গান ও ভিডিওর কাজ শেষ করবেন।