রেকর্ড ছবির নায়িকা মীম

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ১৯:২৮
এ দেশে মডেলিং থেকে চলচ্চিত্রে এসে একমাত্র সফলতার সাথে নিজেকে প্রমাণ করেছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মীম। তার শুরুটা ছিল ‘আমার আছে জল’ দিয়ে, এরপর শাকিব খানের বিপরীতে বাণিজ্যিক ধারার ছবিতেও সফলতার পর একাধিক নির্মাতা ও প্রযোজক এখন নতুন চলচ্চিত্রে কাজের ব্যাপারে অফার করছেন তাকে। বর্তমানে উঠতি তারকাদের ভেতরে সবচেয়ে বেশি ছবি আছে তার হাতে। এর ভেতরে ইমনের সাথেই তার দুটি ছবি রয়েছে। একটি ‘সন্ধ্যার মেঘমালা’ অন্যটি ‘পদ্ম পাতার জল’। তবে ‘সন্ধ্যার মেঘমালা’ চলচ্চিত্রটি বিগ বাজেটের অডিও রিলিজ করার পর এর শুটিংয়ের আর কোনো খবর পাওয়া যায়নি। এ ছবির অন্যান্য কলাকুশলীও ছবিটির শুটিংয়ের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। এর বাইরে নবীন পরিচালক তন্ময়ের ‘পদ্ম পাতার জল’-এর প্রথম কিস্তির শুটিং শুরু হয়েছে। এ চলচ্চিত্র প্রসঙ্গে ইমন বলেন, ‘কোনো জুটি গড়ার জন্য নয়। ভালো ছবি হলে দর্শকেরাই আমাদের জুটিকে স্থায়িত্ব দেবে।’ নিজের চলচ্চিত্রের ক্যারিয়ার প্রসঙ্গে মীম বলেন, ‘চলচ্চিত্রে সাফল্য আসলে ভাগ্যের ব্যাপার। তবে আমি লাকি যে, আমার আগের দুটি ছবিই ব্যবসা সফল হয়েছে। এখন প্রতিনিয়ত চলচ্চিত্রের অফার আসে। বেছে বেছে ছবির কাজ করছি। আশা করছি , খুব শিগগিরই ভালো কিছু ছবির মাধ্যমে আমার চলচ্চিত্রের ক্যারিয়ারে একটা স্থায়ীত্ব আনতে পারব।