রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন। মানবাধিকার, সিরিয়া ও বাণিজ্য সম্পর্কসহ বিরোধপূর্ণ ইস্যু নিয়ে তিনি ব্রাসেলসে আলোচনা করবেন। ঋণ সংকটের কারণে ইউরোপীয় অর্থনীতির মন্দার কিনারায় পৌঁছানোর বিষয়টি মস্কো লক্ষ্য করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ব্রাসেলসের প্রচেষ্টাকে মস্কো সমর্থন করছে। ইইউ প্রেসিডেন্ট হারমান ভ্যান রমপাই চলতি সপ্তাহে এক বিবৃতিতে বলেন, ‘১৫ বছরের মধ্যে ইইউ-রাশিয়া ৩০তম এই সম্মেলন আমাদের অংশীদারিত্বের অপরিহার্য বিষয় হিসাবে মূল্যায়ন করা হচ্ছে।’ তিনি বলেন, ইইউ ও রাশিয়া একত্রে বৈশ্বিক শাসন ব্যবস্থা পরিচালনায় এবং আঞ্চলিক সংঘাত নিরসনে সুস্পষ্ট অবদান রাখতে পারে।
সাবেক সোভিয়েত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বানের পরে পুতিন এই সম্মেলনে যোগ দিচ্ছেন। বেলারুশ ও আর্মেনিয়ার নেতাদের সঙ্গে চলতি সপ্তাহে বৈঠকের পরে পুতিন বলেন, পশ্চিমাদের লক্ষ্য হচ্ছে অত্যন্ত গুরুতর বিষয়গুলোতে তাদের অবস্থানে নিয়ে আসতে অন্যান্য দেশকে বাধ্য করা। ইইউ ও রাশিয়ার বাণিজ্যের পরিমাণ ৩শ’ বিলিয়ন ইউরোর বেশি এবং রাশিয়া ২০১১ সালে ইইউ’র তেল ও গ্যাসের চাহিদার ২৯ শতাংশ সরবরাহ করেছে।
