একটা জায়গায় বিসিবির নির্বাচিত কমিটি ও বর্তমান আহ্বায়ক কমিটির আচরণ একইরকম—সভাপতি দেশে না থাকলে চূড়ান্ত কিছু সংবাদ মাধ্যমকে বলতে রাজী নন তারা! সেই ধারায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৫টি দলের সঙ্গে গতকাল চুক্তি হয়ে গেলেও চুক্তির বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইলেন না বিপিএল কমিটির সদস্য সচিব ডাক্তার এইচ মল্লিক।
বিপিএল এক মৌসুম চুক্তি ছাড়াই শেষ হয়ে গেছে। ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তি নেই বলে নানারকম সমস্যায় পড়ছিল বিপিএল কমিটি। এমনকি মূল চুক্তিতে যেটি নিষেধ থাকার কথা, সেই দলের মালিকানা বিক্রি করে দেয়ার মতো ঘটনাও ঘটেছে। এছাড়া খেলোয়াড়দের টাকা পরিশোধ না করায় ফ্রাঞ্চাইজিগুলোর বিপক্ষে কঠোর পদক্ষেপ নিতে পারছিল না বিসিবি। একইরকম বিসিবির পাওনা টাকা আদায়েও হচ্ছিল সমস্যা।
বিসিবি চলতি আসরের নিলামের আগেই বলেছে, দ্বিতীয় আসরের আগেই চুক্তি সম্পন্ন করা হবে। অবশেষে গতকাল সাত ফ্রাঞ্চাইজির মধ্যে পাঁচটির সঙ্গে বিসিবির চুক্তি সম্পন্ন হয়েছে। দলগুলো হল ঢাকা গ্ল্যাডিয়েটরস, খুলনা রয়েল বেঙ্গল, রংপুর রাইডার্স, দুরন্ত রাজশাহী ও চিটাগাং কিংস। এছাড়া আজই বরিশাল বার্নার্স ও সিলেট রয়েলসের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার কথা।
চুক্তির খবর নিশ্চিত করেছেন ডাক্তার মল্লিক, ‘হ্যা, পাঁচটি দলের সঙ্গে আজ (গতকাল) চুক্তি হয়েছে। চারটি দলের সঙ্গে কথা ছিল। একটি দলের মালিক দেশের বাইরে যাবেন বলে তারটাও করা হয়ে গেছে। আগামীকাল (আজ) বাকি দুটি দলের সঙ্গে চুক্তি হবে।’
এই চুক্তি কতো বছরের জন্য, চুক্তিতে কী কী থাকবে; সেটা অবশ্য তিনি বললেন না। এ ব্যাপারে তার দাবি, ‘সভাপতি দেশে আসলে আনুষ্ঠানিকভাবে সবাইকে এসব তথ্য জানানো হবে। আমরা আগে আলাদা আলাদা করে কিছু বলতে চাচ্ছি না।’
