তরুণ ফাফ ডু প্লেসিস অধিনায়ক হিসেবে বড় জয় পাওয়ার পর তা অব্যাহত রাখতে আহবান জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকা গত শুক্রবার ডারবানের কিংসমিডে সফরকারী নিউজিল্যান্ডকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। আজ রবিবার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ড কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি প্রোটিয়াদের বিরুদ্ধে। ৪৭ বল বাকি থাকতেই জয় হাতে মুঠোয় চলে আসে ফাফ ডু প্লেসিসের দলের। সঙ্গত কারণেই অধিনায়ক প্লেসিস বলেন,‘এটা দারুণ শুরু। অধিনায়ক হিসেবে আপনি এ ধরনের খেলাই চাইবেন। সবকিছুই ঠিকঠাক মতো এগিয়েছে। বোলিং পরিবর্তনের সবকটি ঘটনা সুফল বয়ে আনে। সবাই উইকেট নিয়েছে। পুরোটা সময় আমরা তাদের চাপে রাখি। আমাদের ফিল্ডিংও ছিল ভাল এবং এরপর আমাদের ব্যাটিংও ছিল সত্যি সত্যি ভাল। কাজেই এটা ছিল ভাল একটি খেলা’।
ফাস্ট বোলার ররি ক্লেইনভেল্ড খেলার শুরুতে দুটি উইকেট তুলে নিলে নিউজিল্যান্ড আর এই পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পারেনি। টস জিতে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাককালামের দল অলআউট হয় ৮৬ রানে। ক্লেইনভেল্ড রব নিকোল ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের গুরুত্বপূর্ণ উইকেট দুটি নেন। ৩.২ ওভার বল করে ১৮ রান দিয়ে তিন উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।
দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য ৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে। নতুন অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৩৮ রানে নটআউট ছিলেন।
২০তম জম্মদিন পালনের চারদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া কুইন্টন ডি কক (২৮*) প্লেসিসের সাথে জয় নিয়ে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ডের জন্য এমন শুরু হতাশাজনক। যদিও তারা দক্ষিণ আফ্রিকার মাটিতে আন্ডারডগ। তবুও অন্তত লড়াই উপহার দিতে পারতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে। কিন্তু তারা এটা করতে ব্যর্থ হয়েছে। নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় নেই। সাবেক অধিনায়ক রস টেলর এই সফরে নেই। অভিজ্ঞ ব্যাটসম্যান মার্টিন গাপটিল পাকস্থলীর সমস্যার জন্য কিংসমিডে খেলেননি। ফাস্ট বোলার টেন্ট বোল্ট একই সমস্যায় ছিলেন না দলে।
কিংসমিড ছিল পেস ও বাউন্সের স্বর্গ। সফরকারীরা প্রথম পাঁচ ওভারেই তিন উইকেট হারায়। নিকোল উইকেটের পেছনে ক্যাচ দেন। ম্যাককালাম ফাইন লেগে ধরা পড়েন। ডেল স্টেইনকে খেলতে গিয়ে পিটার ফুলটন মিডঅনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
ব্লাক ক্যাপদের বাঁ-হাতি ব্যাটসম্যান কলিন মুনরোর জন্য শুরুটা ভাল হলো না। তিনি ডারবানেই জন্মগ্রহণ করেছিলেন। এই শহরে তার স্কুল জীবন শুরু হয়েছিল। এরপর তার পরিবার নিউজিল্যান্ডে চলে যায়। তিনি ২৩ এবং ডুগ ব্রেসওয়েল ২১ রানে অপরাজিত ছিলেন। স্টেইন,নবাগত ক্রিস মরিস এবং বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসন দুটি করে উইকেট তুলে নেন।
নিউজিল্যান্ডের আরেক নবাগত মিশেল ম্যাকগ্লশানের বলে রিচার্ড লেভি আউট হন রানের খাতা খোলার আগেই। প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকা কোন রান সংগ্রহ করতে পারেনি এবং এক উইকেট হারিয়ে ফেলে। কিন্তু হেনরি ডেভিস ও ডু প্লেসিস দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রান তুলে নেয়। আর পরে তো প্লেসিস ও ডি কক জয় নিয়ে ফেরেন।
এই ম্যাচে দুই দলের সাত খেলোয়াড়ের অভিষেক হয়। চারজন নিউজিল্যান্ডের এবং তিন জন দক্ষিণ আফ্রিকার ।
