যারা যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিচ্ছে তারাও সমান অপরাধী ঃ স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৫০
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, যতই যড়যন্ত্র করা হোক যুদ্ধাপরাধাীদের বিচার কেউ ব্যাহত, সীমিত বা বন্ধ করতে পারবে না। যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায় তাদের দেশের প্রচলিত আইন দিয়েই প্রতিহত করা হবে। যারা এদের প্রশ্রয় দিচ্ছে তারাও সমান অপরাধী। প্রচলিত আইনে তাদেরও বিচার করা হবে। গতকাল শনিবার জাতীয় সঞ্চালন পরিষদের (কোন্যাক) আয়োজনে বিজয় শোভাযাত্রা ২০১২ উদ্বোধন করে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি। এ বিজয়কে সুরক্ষিত করতে হলে যুদ্ধাপরাধীদের এদেশ থেকে তাড়াতে হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব) এবিএম তাজুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু এতে কোন কাজ হবে না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি দলের হুইপ আসম ফিরোজ এমপি, সাফিয়া খাতুন এমপি প্রমুখ। বিজয় শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সঞ্চালন পরিষদের প্রধান উপদেষ্টা এবং প্রশিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ। সভাপতির ভাষণে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিখা চিরন্তন (সোহরাওয়ার্দী উদ্যানে) গিয়ে শেষ হয়। আয়োজকরা জানিয়েছেন, এই শোভাযাত্রা দেশের ৬৪টি জেলা থেকে আগত ১৮০০ অধিকারভিত্তিক সংগঠনের হাজার হাজার প্রতিনিধি ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়।