জাতির পিতার আদর্শে বিশ্বাস না করলে মুক্তিযোদ্ধা হওয়া যায় না

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৫০
দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, শুধু অস্ত্র হাতে যুদ্ধ করলে কিংবা বর্ডার পার হলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। মুক্তিযোদ্ধা হওয়ার অন্যতম শর্ত হলো মুক্তিযুদ্ধের চেতনায় এবং জাতির পিতার আদর্শে বিশ্বাস করতে হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব ও ড. কামাল হোসেনকে যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ আন্দোলনে শরিক না হয়ে আপনারা নিজেদের মুক্তিযোদ্ধা বলতে পারেন না। গতকাল শনিবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২৬ ডিসেম্বর বিরোধী দলীয় নেত্রী পথসভা করবেন। তাদের এই পথসভায় সরকারের বাধা দেয়ার কোনো পরিকল্পনা নেই। সংগঠনের উপদেষ্টা সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান, পীযূষ বঙ্গোপাধ্যায়, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।