আজ রবিবার সাম্প্রদায়িকতা বিরোধী জাতীয় সম্মেলন-২০১২’ ঢাকার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে (কাজী বশির মিলনায়তন) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলবে। দেশবরেণ্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এই সাম্প্রদায়িকতা বিরোধী জাতীয় সম্মেলন আহ্বান করেছেন।
সম্মেলন আহ্বানকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ হচ্ছেন- অধ্যাপক সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক সরদার ফজলুল করিম, অধ্যাপক মুস্তাফা নূরুল ইসলাম, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, শিল্পী কাইয়ুম চৌধুরী, ড. হামিদা হোসেন, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, অ্যাডভোকেট সুলতানা কামাল, সাংবাদিক কামাল লোহানী ও নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সাম্প্রদায়িকতা বিরোধী জাতীয় সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, বেসরকারি সংস্থা, ছাত্র সংগঠন, যুব সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সারাদেশ থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে দেশের সকল সাম্প্রদায়িকতা বিরোধী সংগঠন, ব্যক্তিবর্গকে সম্মেলনে অংশগ্রহণ করে সংহতি জ্ঞাপনের অনুরোধ জানানো হয়েছে।
