সরকার তত্ত্বাবধায়কের দাবি মানতে বাধ্য হবে : তরিকুল

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৫২
বিএনপির সমন্বয়কারী ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, ২৬ ডিসেম্বরের গণসংযোগ কর্মসূচির মাধ্যমে প্রবল চাপ প্রয়োগ করা হবে। সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য হবে। তিনি বলেন, আমার দেশের মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার না করে তাকে যদি গ্রেফতার করা হয় তাহলে বিএনপি কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও আমার দেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন। তরিকুল ইসলাম সরকারের উদ্দেশে বলেন, অতিসত্বর জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। সবাইকে এমন গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে যাতে সরকার ভেসে যেতে বাধ্য হয়। পেশাজীবী পরিষদের নেতা সাবেক উপদেষ্টা অধ্যাপক এমএ মাজেদ-এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএফইউজের সভাপতি সাংবাদিক রুহুল আমীন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ইঞ্জিনিয়ার আনহ আখতার হোসেন প্রমুখ।