আবারও একই ছবিতে শাবনূর-মৌসুমী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৪৮
এ দেশের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও মৌসুমী। আর এই দুই অভিনেত্রী কোনো ছবিতে একসঙ্গে অভিনয় করলে হলে পড়ে দর্শকের ভিড়। যার প্রমাণ মিলেছে ‘দুই বধূ এক স্বামী’ ছবিতে। জনপ্রিয় এই দুই চিত্রনায়িকা ‘দুই বধূ এক স্বামী’ ছবিতেই একসঙ্গে প্রথম অভিনয় করেন। এতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন প্রয়াত চিত্রনায়ক মান্না। এরপর তারা আবারও একসঙ্গে অভিনয় করেন সালাউদ্দিন লাভলুর ‘মোল্লা বাড়ির বউ’ ছবিতে। এই ছবিটিও হয়েছিল সুপারহিট। তারপর তারা ‘বিয়ান সাব’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন। এই ছবিটিও ব্যাপক দর্শকপ্রিয়তা পায় এবং ব্যবসা সফল হয়। তারপর দীর্ঘ ছয় বছর তারা দু’জন একসঙ্গে কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। তবে সম্প্রতি এই দু’জনই নতুন একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে আবারও ফিরে আসছেন। গত ২০ ডিসেম্বর এই ছবিতে চুক্তিবদ্ধ হন এই দুই অভিনেত্রী। ছবিটির নাম ‘কিছু আশা কিছু ভালোবাসা’।