নীট শ্রমিকদের মৃত্যুজনিত বীমা দাবির পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২০:৪১
নীট শিল্পে কর্মরত শ্রমিকদের মৃত্যুজনিত বীমা দাবির পরিমান এক লাখ টাকা থেকে বৃদ্ধি করে দুইলাখ টাকা (জনপ্রতি) করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে নীট শিল্প মালিকেরা। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে “নীট শিল্প কারখানাগুলোর অগ্নি নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধি” বিষয়ে এক জরুরী মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডি.জি. ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদউল¬াহ এবং ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ডিজি আব্দুস সালাম, পিপিএম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নীট শিল্প কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, সক্ষমতা বৃদ্ধি, মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন ও সুশৃঙ্খল শিল্প পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারনের জন্য উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। এছাড়া সভায় নতুন বাজার সমপ্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং নীট শ্রমিকদের মৃত্যুজনিত বীমা দাবির পরিমান একলাখ টাকা থেকে বৃদ্ধি করে দুইলাখ টাকা (জনপ্রতি) করার বিষয়ে গুরুত্বসহকারে শিল্প মালিকদের সাথে আলোচনা ও মতবিনিময় করা হয়। বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান তাঁর স্বাগত বক্তব্যে নীট কারখানাগুলোর নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি সুষম ব্যবস্থাপনা পদ্ধতি তৈরীর জন্য শিল্পমালিকদের অনুরোধ করেন। এ ব্যাপারে তিনি ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশের সহযোগিতা কামনা করেন। সভায় আরো বক্তব্য রাখেন বিকেএমইএ ১ম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম; ৩য় সহ-সভাপতি মহিউদ্দীন ফারুকী, বাংলাদেশ এমপ¬য়ার্স ফেডারেশন এর সভাপতি ফজলুল হক, বিকেএমইএ পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী, ফজলে শামীম এহসান প্রমুখ।