দুই হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিলো ডাচ বাংলা ব্যাংক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২০:৪২
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ২০১২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বাছাইকৃত ২ হাজার ৩০ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এসকল শিক্ষার্থী এখন দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়াশুনা করছেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থিগণ স্নাতক পর্যায় শেষ হওয়া পর্যন্ত ডাচ বাংলা ব্যাংক থেকে বার্ষিক পাঠ্য উপকরণের জন্য এককালীন ৫ হাজার টাকা ও পোশাক-পরিচ্ছদের জন্য ১ হাজার টাকা এবং মাসিক বৃত্তি হিসেবে ২ হাজার ৫শ’ টাকা করে পাবেন। শনিবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃত্তিপ্রাপ্তদের কয়েকজনের হাতে বৃত্তির কাগজপত্র তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গার্বেন ডি জং। এসময় ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক কেএস তাবরেজসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সাধারণত ব্যাংক ব্যবসা মানেই হিসাব নিকাশ করে মুনাফা করা। কিন্তু ডাচ-বাংলা ব্যাংক লভ্যাংশের বিশাল একটা অংশ দেশের গরীব মেধাবীদের মধ্যে বৃত্তি প্রদান করে শিক্ষিত জাতি গঠনে অবদান রাখছে। ব্যাংকটির এ অর্থব্যয়কে তিনি সামাজিক বিনিয়োগ এবং সরকারের পর দ্বিতীয় বৃহত্তম শিক্ষা বৃত্তি প্রদান বলে আখ্যায়িত করেন। বিশেষ অতিথির বক্তব্যে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, যেসব মেধাবী পড়াশুনা করতে চান কিন্তু অর্থের অভাবে পড়তে পারেন না তাদের অর্থ সরবরাহ গৌরবের বিষয়। এসব শিক্ষার্থী দেশের উন্নয়ন ও জাতি গঠনে ভূমিকা রাখবে।