জয়ের ধারা অব্যাহত বার্সার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
ভালেদোলিদের বিপক্ষে শনিবার ৩-১ গোলের জয়ের মাধ্যমে লা লিগায় নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে জায়ান্ট দল বার্সেলোনা। অন্যদিকে মালাগার কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে আবারো পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার তুলনায় তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়ালো ১৬। ক্যান্সারে আক্রান্ত বার্সেলোনার নিয়মিত কোচ টিটো ভিলানোভার জন্য ক্লাবের পক্ষ থেকে এর থেকে ভাল উপহার আর হতে পারে না। ভিলানোভার অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচ জোর্ডি রোউরার অধীনে এটাই ছিল বার্সেলোনার প্রথম ম্যাচ। বার্সেলোনার পক্ষে গোল তিনটি করেছেন জাভি হার্নান্দেজ, লিয়নেল মেসি এবং ক্রিস্টিয়ান টেলো। ভায়াদোলিদের হোসে জোরিলা স্টেডিয়ামে এই জয় ছিল বার্সেলোনার ১৭ ম্যাচে ১৬তম জয়। রিয়ালের বিপক্ষে হোম ম্যাচে ২-২ গোলে ড্র করে একমাত্র পয়েন্ট হারিয়েছিল বার্সা। দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদের তুলনায় বার্সার পয়েন্ট ব্যবধান এখন ৯। অ্যাটলেটিকো শুক্রবার সেল্টা ভিগোকে নিজেদের মাঠে ১-০ গোলে পরাজিত করেছে। তাদের পয়েন্ট এখন ৪০। বার্সেলোনার সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ পয়েন্ট। ম্যাচের শুরু থেকে বার্সার উপর মোটামুটি আধিপত্য বিস্তার করেছিল স্বাগতিকরা। ৩৫ মিনিটে মেসির ফ্রি কিক বারে লেগে ফিরে আসে। মধ্য বিরতির দুই মিনিট আগ পর্যন্ত তারা বার্সাকে গোলবঞ্চিত রাখে। ৪৩ মিনিটে মেসি বামদিক থেকে ফাঁকায় এগিয়ে যাওয়া জোর্ডি অ্যালবাকে বল বাড়িয়ে দেয়। জোর্ডি সেই বল ক্রস করলে তার থেকে জাভি প্রথম গোল করে সফরকারীদের স্বস্তি এনে দেন। ৫৯ মিনিটে মেসি তার ট্রেডমার্ক দৌড় এবং সফল ফিনিশিংয়ের মাধ্যমে দলের দ্বিতীয় গোল পূরণ করেন। এটা ছিল এবারের লা লিগায় মেসির ২৬তম গোল এবং চলতি বছরের ৯১তম। ৮৯ মিনিটে জাভি গুয়েরা ভালেদোলিদের বিপক্ষে একমাত্র গোলটি করলেও বদলি খেলোয়াড় ক্রিস্টিয়ান টেলো ম্যাচ শেষের ইনজুরি টাইমে তৃতীয় গোলটি করে বার্সার জয় নিশ্চিত করেন। এই জয়ের পরে রোউরা বলেছেন, ‘এই জয় খুব একটা স্বস্তিদায়ক ছিল না। আমরা বছর বেশ ভালভাবেই শেষ করতে পেরেছি। আর এর সাথে যদি আমরা টিটোর সম্পর্কে ভাল খবর পাই তবে সেটা হবে আমাদের জন্য বাড়তি পাওনা। একমাত্র ম্যাচ জয়ের মাধ্যমেই আমরা তাকে সহযোগিতা করতে পারি।’ শনিবার রাতে চতুর্থ স্থানে থাকা মালাগার কাছে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে পরাজিত হয়ে লীগ শিরোপার থেকে আরো পিছিয়ে পড়েছে। গত ১০ বছরে এই প্রথমবারের মত রিয়ালের মূল একাদশে ছিলেন না তারকা অধিনায়ক-গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। কোচ হোসে মরিনহো অনেকটা হতাশ হয়েই স্প্যানিশ বিশ্বকাপ জয়ী দলের এই অধিনায়ককে বদলি বেঞ্চে বসিয়ে তার পরিবর্তে ২৫ বছর বয়সী এন্টোনিও আদানকে সুযোগ দেন। ২০০২ সালের পরে এই প্রথম ক্যাসিয়াস দল থেকে বাদ পড়লেন। লা লিগার অপর ম্যাচগুলোতে ভ্যালেন্সিয়া ৪-২ গোলে গেটাফেকে, রিয়াল সোসিয়েদাদ ২-১ গোলে সেভিয়াকে, রিয়াল জারাগোজা ২-০ গোলে অ্যাটলেটিকো বিলবাওকে পরাজিত করলেও মায়োর্কা ২-১ গোলে ফর্মে থাকা রিয়াল বেটিসকে পরাজিত করে অঘটন ঘটিয়েছে। -বাসস/এএফপি ক্যাপিটাল ওয়ান কাপ শনিবারের ফলাফল রিয়াল বেটিস ১ মায়োর্কা ২ রিয়াল ভ্যালেদোলিদ ১ বার্সেলোনা ৩ মালাগা ৩ রিয়াল মাদ্রিদ ২ ওসাসুনা ১ গ্রেনাডা ২ অ্যাটলেটিকো বিলবাও ০ রিয়াল জারাগোজা ২