ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

সিরিজ সমতায় আত্মবিশ্বাসী মরগ্যান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৫০
অধিনায়ক এউইন মরগ্যানের শেষ বলের নায়কোচিত নৈপুণ্যে ইংল্যান্ড গত শনিবার মুম্বাইয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়ে সিরিজ ১-১ এ সমতা আনতে সক্ষম হয়। সামনে বড়দিন ও নতুন বছরের অপেক্ষা। এরপর ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। মরগ্যান ম্যাচ শেষে জানান, এই জয় ওয়ানডে সিরিজ খেলার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভারত পুনেতে গত বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটে জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছয় উইকেটে জিতে সিরিজ ১-১ এ সমতা আনে। ম্যাচ সেরা হয়েছেন মরগ্যান এবং সিরিজ সেরা যুবরাজ সিং। মরগ্যান ২৬ বলে ৪৯ রান করে উইকেটে অপরাজিত ছিলেন। পাঁচটি চার ও দুটি ছয় তার ইনিংসে। শেষ বলে পেসার অশোক ডিন্ডার বলে ছয় হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। শেষ বলে জয়ের জন্য তিন রান দরকার ছিল ইংল্যান্ডের। ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ভারত আট উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। জবাবে ইংল্যান্ড চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় (১৮১/৪)। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। ব্রড না থাকায় মরগ্যান দায়িত্ব পালন করলেন। তিনি দলের নৈপুণ্যে সন্তোষ প্রকাশ করেন। ম্যাচ শেষে মরগ্যান বলেন,‘টি-টোয়েন্টিতে খেলা ওয়ানডে সিরিজে তরুণ যে ক্রিকেটাররা রয়েছেন তারা এই জয় থেকে আত্মবিশ্বাস পেয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আসলে এই জয় আমাদের জন্য সত্যিই সন্তোষজনক। বিশেষ করে প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর এই জয় আমাদের জন্য খুব দরকার ছিল। এটা অসাধারণ এক অনুভূতি। ম্যাচের পর সবাই একসাথে ড্রেসিং রুমে দলগত সঙ্গীত গাওয়ার অভিজ্ঞতারও কোন তুলনা হয় না।’ ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি আসছে বছর ১১ জানুয়ারিতে রাজকোটে অনুষ্ঠিত হবে।