অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে খুব গুণগত মানসম্পন্ন স্পিন বোলিং মোকাবিলা করার সুযোগ না পাওয়াটাই আগামী সপ্তাহের দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের বিরুদ্ধে তার দলের সফলতা পাওয়ার সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন শ্রীলংকা দলের শীর্ষ স্পিনার রঙ্গনা হেরাথ।
স্বদেশী স্পিনিং গ্রেট মুত্তিয়া মুরলিধরন অবসর নেয়ার পর থেকেই শ্রীলংকা দলের বোলিং আক্রমণের দায়িত্ব পালন করে আসছেন নয় টেস্টে ২০১২ সালে সর্বোচ্চ ৬০ উইকেট শিকারী হেরাথ।
হোবার্টে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন বাঁহাতি এ স্পিনার। এ ম্যাচে ১৩৭ রানে পরাজিত হয় লংকানরা। বক্সিং ডে টেস্টে মেলবোর্নের স্পিন সহায়ক পিচে আবারো তিনি ঝলসে উঠবেন বলে মনে করা হচ্ছে। মেলবোর্নে শনিবার হেরাথ সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট এমনকি তাদের ঘরোয়া ক্রিকেট সম্পর্কেও আমি জানি ৮০ থেকে ৯০ শতাংশই তারা ফাস্ট বোলারদের বিরুদ্ধে খেলে।’
অস্ট্রেলিয়ার মাটিতে এখনো পর্যন্ত কোন টেস্ট ম্যাচ জিততে পারেনি লংকানরা এবং এ সিরিজ জিততে হলে ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের শেষ ম্যাচের আগে এ টেস্টে তাদের ঘুরে দাঁড়াতে হবে বিবেচনা করে হেরাথ বলেন, ‘সুতরাং সে হিসাবে স্পিন বোলিং দিয়েই আমার উইকেট পাওয়ার সুযোগ আছে।’
গত বছর দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াসদের বিপক্ষে ১-০ ম্যাচে পিছিয়ে পড়েও তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল লংকানরা এবং হেরাথ ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন। সুতরাং এ সিরিজের কথা ভালভাবে স্মরণে রেখেছে সফরকারীরা।
৪৩ টেস্টে ১৭৯ উইকেট শিকার করা ৩৪ বছর বয়সী হেরাথ আরো বলেন, ‘দক্ষিণ আফ্রিকায়ও একই দৃশ্যের অবতারণা হয়েছিল। আমরা প্রথম টেস্টে হারার পর দ্বিতীয় টেস্টে ভালভাবে ঘুরে দাঁড়াই এবং বক্সি ডের ওই টেস্টে আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী হয়েছিলাম। সেটা ছিল স্মরণ করার মত একটি কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতে ওই একটি মাত্র টেস্টেই আমরা জয়ী হয়েছিলাম।’ - বাসস/এএফপি
