চারদিনের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু বৃহস্পতিবার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৫২
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম আসর আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চারদিনের এ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল নামে চারটি দল। টুর্নামেন্টটি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল এবং একই দিন বগুড়ায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল মুখোমুখি হবে। লিগভিত্তিক খেলাগুলো শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ফাইনাল হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর ও শ্রীলঙ্কা সফরের আগে এবং খেলাগুলো হবে দিনরাত্রির এবং খেলা হবে গোলাপী রংয়ের বলে। টুর্নামেন্টের তারিখ ও ভেন্যু ঠিক হলেও টাইটেল স্পন্সার ও সম্প্রচারের বিষয়টি চূড়ান্ত হয়নি। জাতীয় ক্রিকেট লিগের সর্বশেষ আসরের পারফর্মন্সের ভিত্তিতে ৮০ জন ক্রিকেটারকে এই ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বেছে নেয়া হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৩৫ লাখ টাকা এবং রানার্স আপ পাবে ১৫ লাখ টাকা।