হতদরিদ্র রুবি আক্তার এক পায়ের উপর ভর করে ১৫ কিলোমিটার দূরত্বে উখিয়া মহিলা কলেজে পড়াশুনা করছে। উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগে অধ্যয়নরত রুবি আক্তারের (১৯) সাথে কথা হয় শনিবার। রুবি আক্তার যখন কাঠের তৈরি দু’টি স্ট্রেচারে ভর করে গাড়ির জন্য উখিয়া স্টেশনে অপেক্ষা করছিল, তখন তাকে বিমর্ষ মনে হচ্ছিল। জানতে চাওয়া হলে রুবি বললেন, এভাবেই প্রতিদিন গাড়ির জন্য রাস্তার ধারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। প্রতিবন্ধী বলে কেউ গাড়িতে নিতে চায় না। আবার অনেকেই দয়াপরবশ হয়ে নিজের ইচ্ছায় গাড়িতে তুলে নেয়।
রামু উপজেলার দক্ষিণ খুনিয়াপালং গ্রামের অজপাড়াগাঁয়ে জন্ম নেয়া রুবির বাবার নাম হাকিম আলী (৮০)। পেশায় একজন দিনমজুর। পরিবার-পরিজন কিভাবে চলে, লেখাপড়ার খরচ কিভাবে যোগান দেয়া হয় জানতে চাওয়া হলে দীর্ঘশ্বাস ছেড়ে রুবি জানালেন, সমাজ সেবা অধিদপ্তর থেকে বছরে ২২শ’ টাকা পেয়ে থাকি। তা দিয়ে খাতাকলম ও কলেজে যাওয়া-আসা, গাড়ি ভাড়া দিই। বই কেনার সামর্থ্য না থাকায় বান্ধবীদের কাছ থেকে নেয়া বইয়ের ফটোকপি করে পড়ালেখা করি। রুবির মা ছলেমা খাতুনের (৫৫) সাথে মুঠোফোনে আলাপ করে জানা যায়, রুবির বড় কোন ভাই নেই। ছোট ৪ ভাই দিনমজুর, লাকড়ি বিক্রি করে যা পায় তা দিয়ে কোনরকমে সংসার চলে। বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, প্রতিবন্ধী হলেও রুবির অদম্য উত্সাহ সে লেখাপড়া করবে। তিনি জানান, কলেজ থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন তা করা হচ্ছে।
