জনগণের টাকার সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের টাকার যথাযথ সদ্ব্যবহার এবং দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার বাজেটে যে পদক্ষেপ নিচ্ছে তার পাই-পয়সা কাজে লাগালে গ্রামবাংলার চিত্র অন্যরকম হতো। গতকাল রবিবার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উপজেলা নেতৃবৃন্দের জাতীয় সম্মেলন ও ৩৭তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় হয় তা জনগণের করের অথবা বিভিন্ন দাতা সংস্থার সাহায্য থেকে পাওয়া উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় করলে যে সুষম উন্নয়ন হয় তা জাতি দেখেছে। আমি এ লক্ষ্যে সকলের আন্তরিকতা ও সহযোগিতা চাই। শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের গ্রামীণ এলাকায় পরিকল্পিত উন্নয়ন ও জনগণকে একটি একক কেন্দ্র থেকে সরকারি সেবাসমূহ পেতে সাহায্য করতে প্রতি উপজেলায় উপজেলা কমপ্লেক্স নির্মাণের কথা বিবেচনা করছে। তিনি বলেন, একেক স্থানে একেকটি সরকারি অফিস থাকায় অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনার কারণে প্রতি বছর বিপুল পরিমাণ জমি বিনষ্ট হচ্ছে এবং জনগণ ভালো সেবা পাচ্ছে না। প্রধানমন্ত্রী ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, ঘরে ঘরে প্রযুক্তি পৌঁছে দেয়ার জন্য আমরা স্কুল ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করেছি। এসব বিষয় পড়ানোর জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের কাজ ‘সঠিকভাবে করলে’ তার মূল্যায়নও হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদ। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন।