ভারত-পাকিস্তান সিরিজ

চিন্তিত নন হাফিজ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১৩
পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ ব্যাঙ্গালুরুতে গতকাল রবিবার দীর্ঘ অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে জানান, ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অভিজ্ঞতা নিয়ে তিনি চিন্তিত নন। হাফিজ মনে করেন, একজন অধিনায়কের মূল লক্ষ্য দলকে অনুপ্রাণিত করা এবং কিভাবে চাপ সামলাতে হয় সে ব্যাপারে ধারণা দেয়া। বহুল প্রতীক্ষিত ভারত ও পাকিস্তানের দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের প্রথমটি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর। হাফিজ ধোনির প্রসঙ্গ টেনে বলেন, ‘ধোনি অধিনায়ক হিসেবে মিসবাহ উল হক ও আমার চেয়ে অভিজ্ঞ; কিন্তু বলতে হয় প্রত্যেক অধিনায়ককে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমার লক্ষ্য হচ্ছে, দল যেন চাপ ছাড়া খেলতে পারে। তারা যা করতে পারে সে ব্যাপারে বুঝিয়ে দেয়া।’ দুইটি টি-টোয়েন্টি ম্যাচের পর ভারত-পাকিস্তান তিনটি ওয়ানডে খেলবে। হাফিজ জানান, পাকিস্তান এখানে এসেছে ভাল ক্রিকেট খেলতে। জয় ও পরাজয়ে কোনো প্রভাব ফেলবে না। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নেই দীর্ঘ দিন। হাফিজ আশা করেন, দ্রুতই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা আশা করি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে দ্রুতই। নিজেদের মাঠে সমর্থকদের সামনে তরুণ ক্রিকেটাররা খেলার সুযোগ পাবে।’ ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ নিয়ে হাফিজ জানান, সবার প্রত্যাশা থাকে অনেক। দুই দেশের সমর্থকরা হার সহ্য করতে পারেন না। তিনি বলেন, ‘আমরা ভাল ক্রিকেট খেলতে এসেছি। উপভোগ করতে চাই আমরা ক্রিকেট সিরিজ।’ শহিদ আফ্রিদির ওয়ানডে দলে আসার সম্ভাবনা কেমন এমন প্রশ্নে হাফিজ— ‘আফ্রিদি কঠিন মানুষ। আমি নিশ্চিত তিনি সকল সংকট কাটিয়ে উঠবেন। ইতিবাচক হিসেবে নিয়েছেন তিনি এই চ্যালেঞ্জ। টি-টোয়েন্টির জন্য তার প্রস্তুতি ভাল।’