ভারত সফরের জন্য ঘোষিত পাকিস্তান ক্রিকেট দলকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক ও জাভেদ মিয়াঁদাদ। ভারত সফরকালে দলের সকল খেলোয়াড়কেই নিজেদের ‘স্বাভাবিক’ ‘অতি উত্তেজনা’ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন তারা দুই জনেই।
২০০৭ সালের পর প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার জন্য গতকালই ভারত পৌঁছে পাকিস্তান দল। ইনজামাম বলেন, ‘ব্যাটিং করার কৌশলগত ইস্যুগুলো তাদেরকে আমি ভুলে যেতে বলেছি। মাঠে নেমে কেবল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো এবং ভারতে খেলতে গেলে সব সময়ই বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থাকায় যে চাপ থাকবে সেটা ভুলে যাও।’ পাকিস্তানের হয়ে ১২৪ টেস্ট খেলা মিয়াঁদাদ বলেন, ‘অতীতের ন্যায় পাকিস্তানের বর্তমান দলটিতে অতি অসাধারণ মেধাসম্পন্ন খেলোয়াড় নেই। সবদিক থেকেই এ সফর অত্যন্ত তাত্পর্যপূর্ণ। আমি খেলোয়াড়দের অত্যন্ত একতাবদ্ধ থাকতে, সফরটা উপভোগ করতে এবং ইতিবাচক খেলার জন্য বলেছি।’ —বাসস
