পুত্র সন্তানের বাবা হলেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গতকাল সকাল ৭টায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালে জন্ম হয় হাবিবের প্রথম সন্তানের। হাবিবের স্ত্রী রেহান এবং সন্তান উভয়েই সুস্থ আছেন বলে জানান হাবিব। সন্তানের নাম রাখা হয়েছে ‘আলিল’, এর অর্থ শান্তি। হাবিব বলেন, ‘এ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। যদিও আমার প্রথমে কন্যা সন্তানের আকুতি ছিল। পুত্র সন্তানেও কোনো আপত্তি নেই। সুস্থ সন্তান উপহার পেয়ে সত্যিই আমি আনন্দিত। সবই মহান আল্লাহর ইচ্ছা। তার কাছে শুকরিয়া আদায় করছি যেন আমার সন্তান ভালো মানুষ হতে পারে।’ এদিকে দাদা হওয়ার সুবাদে ফেরদৌস ওয়াহিদ গতকাল সকাল থেকেই প্রচণ্ড খোশ মেজাজে আছেন। ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এটা আসলে অন্যরকম এক মজার অনুভূতি। এই অনুভূতি তারাই উপলব্ধি করতে পারবেন যারা দাদা-নানা হয়েছেন। হাবিব আমার একমাত্র সন্তান। সুতরাং আনন্দটা আরও বেশি। আমার পরিবারে এই মুহূর্তে বলা যায় ঈদের আনন্দ বইছে। সবার কাছে দোয়া চাই আমার নাতি যেন ভালো থাকে, সুস্থ থাকে।’ দুয়েকদিনের মধ্যেই হাবিব তার স্ত্রী-পুত্রসহ ধানমন্ডির বাসায় ফিরবেন।
