ভারতে চলন্ত বাসে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদকারীদের দমনে রাজধানী নয়াদিল্লির কিছু এলাকায় রবিবার ১৪৪ ধারা জারি করা হলেও এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভে ফেটে পড়ে হাজার হাজার মানুষ। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এদিকে চলমান এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, ধর্ষকদের শাস্তি দ্রুততম সময়েই হবে। কেননা সরকার দেশের সকল নারীর নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর।
সূত্র জানায়, ওইদিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইন্ডিয়া গেট এলাকায় দুই হাজারেরও বেশি বিক্ষোভকারী সমবেত হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিপেটা এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তবে উল্লেখযোগ্যসংখ্যক গৃহবধূ ও কিশোর-কিশোরীকেও মিছিলে দেখা গেছে। বিক্ষোভে বাধা দিতে বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়। রাস্তায় রাস্তায় বেষ্টনি স্থাপন করে পুলিশ। এতকিছুর পরও পিছু হটেনি বিক্ষোভকারীরা। তারা বািভন্ন শ্লোগানে মুখরিত হয়। তাদের শ্লোগানের ভাষা ছিল ‘দিল্লি পুলিশ নিপাত যাক’, ‘বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না’। শুধু ইন্ডিয়া গেট এলাকা নয়, বিভিন্ন সরকারি অফিসের সামনেও তারা বিক্ষোভ-মিছিল করে। এ সময় বিভিন্ন স্থানে নানা ধরনের পোস্টার দেখা যায়। এতে লেখা ছিল ‘পুলিশ তোমার কাঁদানে বোমার প্রয়োজন নেই। আমাদের চোখ এমনিতেই অশ্রুসিক্ত’। বিক্ষোভকালে পুলিশ আন্দোলন-কারীদের বিরুদ্ধে চড়াও হয়। তারা মেয়েদের চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এ সময় একজন নারী বিক্ষোভকারী বলে, ধর্ষণের প্রতিবাদ করতে আমরা এসেছি, পুলিশ বাধা দিয়ে আজ আরেকবার ধর্ষণ করলো আমাদের । এনডিটিভি জানায়, উত্তাল এ পরিস্থিতিতে বিক্ষোভকারীদের প্রতিনিধি-দলের সঙ্গে ভারতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী নিজ বাসভবনে বৈঠক করেছেন । সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীও এতে অংশ নেন।
এদিকে দেশের চলমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে বিক্ষোভ-কারীদের শান্ত হতে বললেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে বলেন, কথা দিচ্ছি দেশজুড়ে সকল নারীর নিরাপত্তা দিতে আমরা সম্ভাব্য সবরকম ব্যবস্থা নেব। তিনি বলেন, আমি সেসঙ্গে এটাও বলতে চাই যে, ধর্ষকদের শাস্তি দ্রুততম সময়েই হবে। তিনি আরো বলেন, তিনকন্যা সন্তানের জনক হিসাবে আমার মানসিক অবস্থাও আপনাদের মতো। যত দ্রুত সম্ভব আমরা এই অপরাধের যথাযথ আইনি নিষ্পত্তি ঘটাবো। অন্যদিকে গণধর্ষণের শিকার ওই তরুণী বলেন, লড়াই না করে হার মানবেন না তিনি। ধর্ষকদের অবশ্যই তাদের কৃতকর্মের শাস্তি পেতে হবে।
