রবিবারের ফলাফল
চেলসি ৮ : অ্যাস্টন ভিলা ০
সোয়ানসি সিটি ১ : ম্যানচেস্টার ইউনাইটেড ১
একদিন বাদেই ক্রিসমাস উত্সব। এর আগে নিজেদের উত্সব আরো জমকালো করে তুললো ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। রবিবার রাতে তারা অ্যাস্টন ভিলাকে ৮-০ গোলে হারিয়ে ক্রিসমাস উত্সবের আগে শেষটা ভালো ভাবে শেষ করলো চেলসি। আর এর জন্য দলটি ধন্যবাদ জানাতেই পারে নতুন কোচ রাফায়েল বেনিতেজকে। শুরুটা বাজে হলেও অবশেষে নিজের কোচিংয়ের কারিশমা ঠিকই দেখালেন এই স্প্যানিশ। একই দিনে সোয়ানসি সিটির সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড।
এই জয়ে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে অবস্থান করছে চেলসি। অন্য দিকে ড্র করলেও শীর্ষস্থান ধরে রেখেছে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪৩। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গতবারের শিরোপা জয়ী দল ম্যানচেস্টার সিটি।
নিজেদের মাঠে শুরু থেকেই কোচ রাফায়েল বেনিতেজের চেলসি দল ছিল দারুণ ফর্মে। তিন মিনিটে স্প্যানিশ তারকা ফরোয়ার্ড ফার্নান্দো টোরেসের গোলে এগিয়ে যাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ব্লুজদের। এরপর প্রথমার্ধে ডেভিড লুইজ ও ব্রানিস্লেভ ইভানোভিচের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে স্বাগতিক চেলসি ছিল আরো ভয়াবহ। ৫৮ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের ৫০০তম ম্যাচে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড পূর্ণ করেন প্লে মেকার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এরপর গুনে গুনে আরো চারটি গোল করে চেলসি। এর মধ্যে দুইটি গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেজ। আরেক ব্রাজিলিয়ান পেনাল্টি থেকে একটি গোল করেন। অপর গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড।
ম্যাচ শেষে কোচ রাফায়েল বেনিতেজ বলেন, ‘আমাদের দলটি আক্রমণাত্মক। গোলের জন্য এক বা দুইজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয় যা আমাদের জন্য ভাল সংবাদও বটে। আশা করছি, বুধবার নরউইচের বিপক্ষেও আমরা একই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।’
বেনিতেজের বিশ্বাস, তার দলটি এখনো শিরোপার দৌড়ে রয়েছে। যদিও পয়েন্ট তালিকার শীর্ষস্থানধারী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে তারা এখনো ১১ পয়েন্টে পিছিয়ে রয়েছে। কোচ আরো বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো খেলায় জয়লাভ করা। দল যদি উন্নতি না করে তাহলে আপনি সেটি করতে পারবেন না। আমি নিশ্চিত, শিরোপার জন্য অন্তত হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন আমাদের লক্ষ্য হবে শীর্ষদের সঙ্গে যতটুকু সম্ভব পয়েন্টের ব্যবধান কমিয়ে আনা। আমাদের দলের মানসিকতাটা নিশ্চয় আপনারা খেয়াল করেছেন। ৬ গোলে এগিয়ে যাওয়ার পরও তারা আরো গোলের চেষ্টা অব্যাহত রেখেছে। আমি দলটির উন্নতি লক্ষ্য করছি। তবে আমাদের উন্নতির জন্য এখনো কিছু বিষয় রয়ে গেছে।’
ম্যাচের রেকর্ড গড়া ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলেন ‘এই রেকর্ড আমার জন্য বিশাল। এখানে আমার শুরুটাও ছিল অসাধারণ। এরকম একটি ক্লাব, কোচ ও খেলোয়াড়দের সঙ্গ পেয়ে আমি নিজেকে যথেষ্ট গর্বিত ও ভাগ্যবান মনে করছি। ববি টাম্বলিংয়ের মতো কিংবদন্তী একজন খেলোয়াড়কে টপকে গোল রেকর্ড করতে পেরেও আমি গর্ববোধ করছি। কারণ তিনি ছিলেন কিংবদন্তী একজন খেলোয়াড়।’
দিনের অন্য খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিলো সোয়ানসি সিটি দল। ১৬ মিনিটে প্যাট্রিক এভরার গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। এরপর নিজেদের মাঠ লিবার্টি স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে সমতা ফেরান মিকুয়েল পেরেজ কুয়েস্তা।
